ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া এলাকায় সেফটিক ট্যাংকের ভেতর থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে খাবার শেষে ঘুমাতে যান জামেলা বেগম। পরদিন সকালে তার মেয়ে আকলিমা ও নাতনি মাফিয়া বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি সেফটিক ট্যাংকের ঢাকনার ওপর কাপড়ের অংশ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে শনিবার (২৮ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত” এবং ইসলাম করীম ফাউন্ডেশন এর আয়োজনে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৫০০-এর বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান। পুরুষ রোগীদের চিকিৎসা প্রদান করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ মোঃ আব্দুর রহীম, আর নারী রোগীদের সেবা দেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিবি তাহেরা সোনিয়া। ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার চেকিং, বিএমআই নির্ণয়সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র সরবরাহ করা হয়। ইসলাম করীম ফাউন্ডেশনের ফাউন্ডার ড. নুরুল করিম বলেন, “এই ক্যাম্প কেবল একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের ফাউন্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল, আবু বকর সিদ্দিক, মোঃ আজগরসহ অন্যান্য সদস্যরা।
বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০), তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে স্থানীয়রা নদীর রাজারহাট এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শান্ত হাওর অঞ্চলকে অশান্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে—এমন অভিযোগ উঠেছে নজির-সজীব গ্রুপের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যেই তারা স্বাভাবিক মৃত্যুকেও ‘হত্যা’ বলে প্রচার করছে। ঘটনার সূত্রপাত গত ২৩ মার্চ (সোমবার), যখন লাউকুড়া গ্রামে কাসেম চেয়ারম্যানের বাড়িতে দেশীয় অস্ত্রধারীসহ কয়েকশ লোক অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, মনসুর আলী ও জজ মিয়ার বিচারাধীন হত্যা মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল একটি পক্ষ। বাদীপক্ষ আপস না করায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে, বার্ধক্যজনিত কারণে মৃত আইয়ুব নবীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য, কোনো প্রত্যক্ষদর্শী বা খুনের আলামত না থাকলেও একটি পক্ষ এটিকে ‘হত্যা’ হিসেবে প্রচার করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ থেকেই মামলা হয়েছে এবং ইতোমধ্যে ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে কথিত ‘হত্যা’ নিয়ে এখনো কোনো মামলা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে হেমন্তগঞ্জ ও লাউকুড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। পুরুষশূন্য হয়ে পড়ায় অনেক পরিবার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। কৃষিকাজ ও হাওরের জীবিকা প্রায় স্থবির হয়ে পড়েছে, আর মিথ্যা মামলার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন স্থানীয়রা।