বরিশালের চরমোনাইয়ে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ফাল্গুনের বার্ষিক মাহফিল আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মাহফিলে লাখো মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পহেলা এপ্রিল জোহর নামাজের পর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের সূচনা হবে। তিন দিন তিনি ফজর ও মাগরিবের পর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এছাড়া নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, মুসল্লিদের সুবিধার্থে ছয়টি বড় মাঠ প্রস্তুত করা হয়েছে। মাইকিং, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য ১৫০ শয্যার অস্থায়ী হাসপাতালও রাখা হয়েছে।
মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিনে বিভিন্ন ইসলামী সংগঠনের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে।
১ এপ্রিল শুরু হয়ে ৪ এপ্রিল ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।
দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের খবরে সাতক্ষীরার সব ফিলিং স্টেশন মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর বন্ধ ছিল। এতে বাইকচালক ও সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়েছেন। শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কোথাও তেল সরবরাহ নেই, নেই কোনো যানবাহনের লাইনও। ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। তেল না থাকায় অনেকের জীবিকা ব্যাহত হচ্ছে। এদিকে সংকটের সুযোগে খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে। পেট্রোল লিটারপ্রতি ২৫০-৩০০ টাকা এবং অকটেন ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে জেলা প্রশাসন অবৈধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। মঙ্গলবার আশাশুনিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে অবৈধ পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি ট্রাক জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার থেকে জেলার সব ফিলিং স্টেশন একযোগে নির্ধারিত সময়ে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে অনিয়ম নিয়ন্ত্রণে রাখা যায়।
নীলফামারীর সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া টাকাভর্তি একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন পুলিশ কনস্টেবল ফজলুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সৈয়দপুর থানায় মানিব্যাগটি হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢেলাপীর বাজার এলাকায় পড়ে থাকা মানিব্যাগটি উদ্ধার করেন ওই পুলিশ সদস্য। পরে মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে মালিক আলমগীর হোসেনকে শনাক্ত করে থানায় ডেকে বুঝিয়ে দেন। মানিব্যাগে ১৯ হাজার ৫০০ টাকা ছিল বলে জানা গেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মানিব্যাগ যথাযথ প্রক্রিয়ায় মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরে যুব সংগঠনসমূহকে অনুদান প্রদানের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। আলোচনায় যুব সংগঠনগুলোর কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের অবদান এবং যোগ্য যুব স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদানের বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সক্রিয় যুব সংগঠনকে অনুদান প্রদানের প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণ সমাজকে সম্পৃক্ত করলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং অনুদান প্রদান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতভাবে সমাজসেবায় নিয়োজিত এবং সক্রিয় সংগঠনগুলোকে বাছাই করে অনুদান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে যুব সমাজকে আরও উদ্বুদ্ধ করা সম্ভব। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।