সাতক্ষীরার বিচার বিভাগে মামলার জট উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়ে ৭৭ হাজার ছাড়িয়েছে, ফলে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি বাড়ছে। তবে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরছে বলে জানিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে জেলায় দেওয়ানি, ফৌজদারি, ম্যাজিস্ট্রেসি ও বিশেষ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪৬টি। এর মধ্যে জজশীপে দেওয়ানি মামলা ২৪ হাজার ৮৯৩টি, ল্যান্ড সার্ভে মামলা ৭ হাজার ২৩৬টি এবং ফৌজদারি মামলা ১৩ হাজার ২৮৭টি। এছাড়া ম্যাজিস্ট্রেসিতে বিচারিক ও আমলী ফাইল মিলিয়ে রয়েছে ১৩ হাজার ৮১০টি মামলা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ হাজার ৫২২টি নারী ও শিশু মামলা, ৬২৬টি শিশু মামলা, ১৫১টি মানবপাচার সংক্রান্ত মামলা এবং ১ হাজার ৪৩টি পিটিশন মামলা বিচারাধীন রয়েছে। পৃথক শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালেও রয়েছে ১৫০টি মামলা।
এত বিপুল মামলার চাপে বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই বছরের পর বছর আদালতে ঘুরেও কাঙ্ক্ষিত বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
তবে জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ২ হাজার ১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫২০টি মামলা দায়ের ও ১৩৩টি নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ১ হাজার ৬০০টি এডিআর আবেদন গৃহীত হয়ে ১ হাজার ৪৬১টি নিষ্পত্তি করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৯৭ লাখ ৭৮ হাজার টাকা আদায় হয়েছে।
এছাড়া এ সময়ে ২ হাজার ১৬৫ জনকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে নারী ১ হাজার ১০৬ জন এবং পুরুষ ৩৭৬ জন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মামলার জট কমাতে এডিআর কার্যক্রম আরও সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়ন জরুরি। একই সঙ্গে বিচারকসংখ্যা বৃদ্ধি ও আদালত ব্যবস্থার আধুনিকায়ন করা হলে বিচারপ্রক্রিয়ায় গতি ফিরতে পারে।
দেশজুড়ে বজ্রপাতের ভয়াবহ দাপটে সাত জেলায় একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর ও বরগুনা—এই সাত জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এসব প্রাণহানি ঘটে বলে স্থানীয় প্রশাসন ও প্রতিনিধিদের বরাতে জানা গেছে। জামালপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে বজ্রপাতে শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, একজন মাছ ধরতে গিয়ে এবং অন্যজন সড়ক নির্মাণকাজ চলাকালে বজ্রাঘাতে প্রাণ হারান। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিকাজ ও গবাদিপশু নিয়ে কাজে থাকা অবস্থায় বজ্রপাতে জহির চৌকিদার (২৮) ও সেতারা বেগম (৫৫) নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক বজ্রপাতের পর দুজনকেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর সদর উপজেলার মজ্জৎকোল গ্রামে বাড়ির পাশে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নিহত হন। স্থানীয়রা জানান, ঘটনার সময় তার কোলের শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। রংপুরের তারাগঞ্জে গরু আনতে গিয়ে গৃহবধূ সাহেরা বেগম (৪০) বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (৩২) নিহত হন। স্থানীয় থানার ওসি জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে রাজিব শেখ (৩২) মারা যান। বরগুনার আমতলীতে বজ্রাঘাতে নুর জামাল (৫৪) নিহত হন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আবহাওয়াবিদদের মতে, বৈশাখী মৌসুমে বজ্রপাতের ঝুঁকি স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেক (ভুয়া) ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এইচ এম আজিজ আজমীর। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে। তিনি অভিযোগ করেন, ভুয়া আইডি থেকে চাঁদাবাজি, মার্কেট দখলসহ বিভিন্ন ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের সঙ্গে চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ সবুজকে এলাকায় পুনর্বাসনের বিষয়ও জুড়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। আজিজ আজমীর বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন অ্যাডুকেশন (আইএলপিই-৬.০) প্রতিযোগিতার রংপুর বিভাগীয় আঞ্চলিক রাউন্ড আগামী ২ মে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত শিক্ষা বিষয়ক সংস্থা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামের আঞ্চলিক রাউন্ডের জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের গুণাবলী বিকাশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নিয়ে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাইমারি, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র, ৯ম ও ১০ম শ্রেণি সেকেন্ডারি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি হায়ার সেকেন্ডারি এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক রাউন্ডের সফল প্রতিযোগীরা জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। যদিও অলনাইন নিবন্ধনের সময়সীমা ছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী শিক্ষার্থী অনলাইন নিবন্ধন না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ম্যানুয়াল নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ৩৬০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে আগামী ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত ম্যানুয়াল নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। আঞ্চলিক রাউন্ডের সমন্বয়কারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, আমাদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই আঞ্চলিক রাউন্ডের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে গড়ে তোলার একটি অনন্য প্লাটফর্ম। রংপুর বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নেতৃত্বের পাঠ নেবে, তেমনি বিদেশের মাটিতে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবেন। উল্লেখ্য,এই ইভেন্টের চূড়ান্ত বা আন্তর্জাতিক রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে।