ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর ভিডিও প্রচার ও হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর মডেল ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহের আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক।
বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ সম্প্রতি তাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ‘দালাল’ আখ্যা দিয়ে হেয় করার চেষ্টা চলছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
তারা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় কয়েকজন প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ উঠেছে, যা পেশাজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা দাবি করেন, ওষুধ প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা জরুরি।
কর্মসূচি থেকে অপপ্রচার বন্ধ, মানহানিকর বক্তব্য ও ভিডিও অপসারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। আজ সোমবার (১১ মে) সকাল থেকে তারা একাডেমিকসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে প্রধান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ের সংবিধি সংশোধন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষকরা বলেন, সর্বশেষ সিন্ডিকেট সভায় উপাচার্য দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে বাধ্য হয়ে তারা শাটডাউন কর্মসূচিতে গেছেন। তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং স্থানীয়ভাবে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। রোববার (১০ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতে (১১–১৪ মে) ধাপে ধাপে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিধি ও মাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের তাপমাত্রা ওঠানামার মধ্যেই থাকবে—দিন ও রাতের তাপমাত্রা কোথাও সামান্য বাড়তে বা কমতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়ার ধরন আংশিক পরিবর্তনশীল ও বৃষ্টিপ্রবণ থাকবে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া গ্রামের মাসুম মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সহায়তা দাবি করেছে। এলাকাবাসীও প্রশাসনের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।