টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি সহিংসতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) রাতে গ্রেফতার করা হয় আলী হোসেনকে। তিনি মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং দুল্যা বেগম গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে হিমেল নামে এক যুবক গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যেখানে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ নামীয় আসামির পাশাপাশি বিপুলসংখ্যক অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।
ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার (৫ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হলে বিচারিক কার্যক্রম শেষে জেলহাজতে পাঠানো হয়।
নীলফামারীর ডোমারে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ডোমারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মেসার্স ফারুক ট্রেডার্সকে ১ লাখ, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন নীলফামারী র্যাব-১৩ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির, নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নবসহ সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা। শায়লা সাঈদ তন্বী জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে ভোক্তা অধিকার সুরক্ষিত হয় এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়।
নীলফামারীর সৈয়দপুরে বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্কাউট দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে আলোচনা সভা, শোভাযাত্রা এবং পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। শতাধিক স্কাউট এবং কাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, “নিজে ভালো হতে হবে, তারপর অন্যকেও ভালো রাখতে হবে। এটি একজন স্কাউটের আদর্শগত করণীয়।” আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রেজাউল করিম, সহ-কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, কাশিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু চৌধুরী, শিক্ষক রওশন আরা, আজিজুল বারি বসুনিয়া, স্কাউট লিডার মো. শাকিল, কাব লিডার হোমায়রা বেগম এবং কোষাধ্যক্ষ ওমর ফারুক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং স্কাউট আদর্শের প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে স্থাপিত একটি ডাস্টবিন দীর্ঘদিন ধরে যথাযথ ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিয়মিত অপসারণের অভাবে সেখানে জমে থাকা আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারী, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মারাত্মক ভোগান্তির মুখে পড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের প্রতিদিন এই দূষিত পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মশা-মাছির বিস্তার ঘটায় ডেঙ্গু, ডায়রিয়া ও টাইফয়েডসহ সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, দুর্গন্ধের কারণে ক্রেতা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এ অবস্থায় স্থানীয় নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে ডাস্টবিনটি অপসারণ বা স্থানান্তরের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সচেতন মহলের মতে, জনস্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।