আসন্ন রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে ১টা ১৫ পর্যন্ত বিরতি থাকবে।
এই সময়সূচি বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
অনুমোদনের পর প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জারি করবে। চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হবে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাদের সঙ্গে আরও সদস্য যোগ হওয়ায় যমুনা অভিমুখী সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অস্থায়ীভাবে যান চলাচল বন্ধ করে দেয়। অবস্থানরতরা প্রধান উপদেষ্টা থেকে স্পষ্ট বার্তা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং জাতিসংঘের হস্তক্ষেপে হাদি হত্যার তদন্তের জন্য অনুরোধ জানাতে হবে বলে মন্তব্য করেছেন। তারা ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হত্যার বিচারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। হত্যার ঘটনার পর ইনকিলাব মঞ্চ ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করে, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেছেন, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা বা নির্বাচনের পর সহিংসতার কোনো আশঙ্কা নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা কমিশনারেট কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। মোট সাত দিনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—ভোটের আগে চার দিন, ভোটের দিন ও ভোটের পর দুই দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে প্রায় এক লাখ সেনা, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড, ৩ হাজার ৫০০ নেভি, এক লাখ পুলিশ, ৩৭ হাজার বিজিবি, ৯ হাজার র্যাব এবং পাঁচ লাখের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা থাকবে। ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশকে জটিল করে তুলতে পারে। তাই দায়িত্বশীল সংবাদ প্রকাশ অত্যন্ত জরুরি।
ব্যক্তিগত কারণ উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। দীর্ঘদিন বিচারিক কার্যক্রমে অনুপস্থিত থাকার প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) কানাডা থেকে পাঠানো তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছায়। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রাপ্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, বিচারপতি মামনুন রহমান এক বছরের বেশি সময় ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদনও দাখিল করে। পারিবারিক সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেউ অপসারিত, কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন, আবার কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিচারপতি মামনুন রহমান সেই ধারাবাহিকতায় দায়িত্ব ত্যাগকারী বিচারপতিদের একজন।