রংপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের সুশৃঙ্খল, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
মহাপরিচালক জানান, প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের নির্বাচন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
সমাবেশটি রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “এক প্রেক্ষাপটে কিছু অস্ত্র লুট হয়েছে। তবে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি কিছু অস্ত্রও উদ্ধার প্রক্রিয়ায় রয়েছে। এটি নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।” শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালট সিস্টেম নতুন, তাই কিছু ভুল-ত্রুটি হতে পারে। তবে নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন ওঠার কোনো সুযোগ দেয়া হবে না। কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।” সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।
নীলফামারীর সৈয়দপুরে গ্রন্থাগারের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাবুপাড়াস্থ সৈয়দপুর গ্রন্থাগার চত্বরে কবিতা আবৃত্তি, বইপাঠ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর গ্রন্থাগারের সভাপতি ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। তিনি বলেন, “বই মানুষের প্রকৃত বন্ধু এবং জ্ঞানার্জনের প্রধান মাধ্যম। শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক রেহানা সুলতানা, শারমিন আক্তার, সিম্পল খাতুন ও সৈয়দপুর রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নবীন ইসলাম। বক্তারা তরুণ প্রজন্মকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাবেরা মুসফিরাত সাফি ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহিদ রুদানা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ের জন্য একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়। সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান জানান, ড্রোন, বডি ক্যামেরা ও সুরক্ষা অ্যাপসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।