সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর কৈখালী বিওপির নায়েক সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীতে চিংড়ী ঘেরে মাটিতে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানী নীলডুমুর অতিরিক্ত পরিচালক লে. কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন) জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র দেশে আনা হয়েছিল। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের শনাক্তকরণের চেষ্টা চলছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয় বরিশালে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রথমে বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাধারণ মানুষের ঢল নামে; অনেকেই ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় বক্তারা নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় বরিশাল বেলস পার্ক মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট এলাকায় সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা দুলালী অভিযোগ করেন, তার মেয়ে সাগরিকাকে হত্যা করেছে তার স্বামী সঞ্জয়, শ্বশুর বিশু ভূষণ নাথ এবং ননদসহ শ্বশুরবাড়ির সদস্যরা। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
নীলফামারীর সদর উপজেলার শখের বাজার এলাকায় বুধবার (২৫ মার্চ) ভোরে চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ানো রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫৫ বছর বয়সী আতিকুল ইসলাম ওরফে ভোলা প্রাণ হারিয়েছেন। নিহত আতিকুল ইসলাম কিসামত চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আতিকুল ইসলাম মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে ফিরে আসতেন। বুধবার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করার পর রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। ঠিক এই সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।