বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতরের যাত্রী সুবিধার জন্য আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি যাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়েবোর্ড জানিয়েছে, যাত্রী চাপ সামাল দিতে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট প্রতিদিন সকালে, এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুরে অনলাইনে বিক্রি হবে। এছাড়াও, ঈদে ৫ জোড়া, মোট ২০টি স্পেশাল ট্রেন চালু করা হবে।
নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। মালকাডাঙ্গা এলাকায় সীমান্ত পিলার ৭৭৫/১১এস সংলগ্ন বাংলাদেশ অংশে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। অপরদিকে বড়শশী সীমান্তে চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া দেয়। এসময় হামলার চেষ্টা হলে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে একটি গরু ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। বিজিবি জানায়, জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।