রাজধানীর মিরপুর-২ এলাকায় ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের ছাদ থেকে এ পর্যন্ত চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও ছাদে পাঁচ-ছয়জন আটকা পড়া অবস্থায় রয়েছেন, যারা ফায়ার সার্ভিসের বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা বাড়ানো হয়েছে।
বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে রোববার (৮ মার্চ) ১৮ রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় ওঠা ভুল ইতিহাস; আগামী নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে। আমরা জেলা, উপজেলা, ইউনিয়নসহ সকল স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেব।” তিনি আরও বলেন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি বিশ্ব মানবতার পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্রের সব ক্ষেত্রে তাকওয়াবান মানুষের দায়িত্ব দেওয়াই ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “সম্প্রতি সারাদেশে ইসলামের পক্ষে জাগরণ দেখা গেছে, কিন্তু ভোট কেড়ে নেওয়া হয়েছে।” সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক। উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম অগ্রদূত সাখাওয়াত আলী খান আর নেই। রোববার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরে বাসায় ফেরার পর রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (৯ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে তার মরদেহ নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে দাফনের জন্য নেওয়া হয়। অধ্যাপক সাখাওয়াত আলী খান ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসর নেন। অবসরের পরও তিনি সুপার নিউমারারি অধ্যাপক এবং পরবর্তীতে অনারারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪১ সালে নরসিংদীর শিবপুরে জন্ম নেওয়া এই শিক্ষাবিদ শিক্ষকতা পেশায় যোগদানের আগে প্রায় এক দশক জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন। তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি এবং ‘সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান ছিলেন। জীবদ্দশায় তিনি দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন এবং একাধিক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতিসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার (৮ মার্চ) র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস স্বাগত বক্তৃতা দেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ হালিম, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুশান্ত রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা ও অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। আয়োজনটি সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।