চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-এর ওসি মো. একরামুল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. ইমরুল কায়েসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সতর্কতা জোরদার, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং পৌর এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভাপতি মারুফ আফজাল রাজন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে এবং অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
ফকিরহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা কমপ্লেক্স-এর সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর টানা কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে গাছ উপড়ে ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পল্লী বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মন্নাটুলী বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা জেনারেটর চালিয়ে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে প্রতি মোবাইল চার্জে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। জরুরি যোগাযোগ রক্ষায় স্থানীয়রা বাধ্য হয়ে এ সেবা নিচ্ছেন। এদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়েছে। গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেলসহ বিভিন্ন অপারেটরের সেবা বিঘ্নিত হওয়ায় যোগাযোগ আরও কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ অপসারণ ও মেরামতের কাজ চলছে। তবে বিদ্যুৎ চালু হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে মো. শাহাদাত হোসেন (৩০)-এর ওপর এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহাদাত হোসেন উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত মো. শফি আহমদের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।