পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় বরিশাল অশ্বিনি কুমার টাউন হলে উপহার বিতরণ অনুষ্ঠানে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “শহরকে সুন্দর ও পরিস্কার রাখতে হবে। কোনো অন্যায় বা দুর্নীতি সিটি কর্পোরেশনের কাউকে স্পর্শ করতে পারবে না। আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করব এবং সকলে মিলে বরিশালকে তিলত্তমা করে গড়ে তুলতে হবে।”
ঈদের আগে উপহার হিসেবে নগদ টাকা পাওয়ায় পরিচ্ছন্নতা কর্মীরা আনন্দিত হন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নকাজ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে লোড বিভাজন ও উন্নয়নমূলক কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, ইকবাল নগর ও আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফিডারটির অতিরিক্ত লোড কমিয়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজ চলবে। এ কারণে রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে গণপিটুনিতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ঘটনাটি সম্পূর্ণ গুজবের ভিত্তিতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে মো. সাজেদুল মৃধা (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বাড়ি উপজেলার দক্ষিণ বিননালিয়া মৃধাডাঙ্গী গ্রামে। তার পিতার নাম মো. অহিদ মৃধা। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে।