বরিশালে র্যাব ৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেছেন, ঈদ উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, পেট্রোল জোড়দার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।
র্যাব অধিনায়ক বরিশাল নগরীর বাস টার্মিনাল, বাজার পরিদর্শন ও লঞ্চ যাত্রীদের সঙ্গে আলাপের পর লঞ্চ ঘাটে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম রোধে কাজ চলছে। এছাড়া নগরীর নিরাপত্তা জোরদার করতে সর্বোচ্চ টহল ডেপ্লয় করা হয়েছে।
তিনি আরও জানান, "আমরা বাস টার্মিনাল ও লঞ্চ ঘাট পরিদর্শন করেছি। যাত্রীদের সঙ্গে কথা বলছি, কোনো ধরণের অভিযোগ এখনও পাইনি।" পরিদর্শনে র্যাব ৮ এর উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নকাজ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে লোড বিভাজন ও উন্নয়নমূলক কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, ইকবাল নগর ও আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফিডারটির অতিরিক্ত লোড কমিয়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজ চলবে। এ কারণে রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে গণপিটুনিতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ঘটনাটি সম্পূর্ণ গুজবের ভিত্তিতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে মো. সাজেদুল মৃধা (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বাড়ি উপজেলার দক্ষিণ বিননালিয়া মৃধাডাঙ্গী গ্রামে। তার পিতার নাম মো. অহিদ মৃধা। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে।