বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী সিনিয়র ফাজিল স্নাতক মাদ্রাসায় দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অধ্যক্ষ আব্দুল বারির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় অভিভাবকরা।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় গুলিশাখালী বাজারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী-অভিভাবক, জমিদাতা পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।
এ ঘটনায় অভিভাবক আবু বকর খলিফা ও দেলোয়ার হোসেন গাজী বাদী হয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার গভর্নিং বডির মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অধ্যক্ষ গোপনে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করেছেন। এছাড়া সম্প্রতি চতুর্থ শ্রেণির দুইজন কর্মচারী নিয়োগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ না করে অর্থের বিনিময়ে নিয়োগের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা। প্রতিষ্ঠানের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও তোলা হয়।
অভিভাবকরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল বারি বলেন, নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি, শুধুমাত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুরাতন ডাকবাংলো ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমন শেখ। বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত নয়; বরং ভবিষ্যৎ পথচলার সূচনা। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।