নীলফামারীর সৈয়দপুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য থাকা সত্ত্বেও অতিরিক্ত দামেও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আমদানি সংকটের অজুহাতে ডিলাররা গোডাউন বন্ধ রাখায় বাজারে সরবরাহ ভেঙে পড়েছে।
খুচরা বিক্রেতারা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় ডিলারদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। যেসব দোকানে গ্যাস পাওয়া যাচ্ছে, সেগুলো সরকার নির্ধারিত ১,৪৫০ টাকার পরিবর্তে ১,৬০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সাহেবপাড়ার গৃহিণী সৈয়দা বেগম বলেন, ডিলারদের কাছ থেকে গ্যাস না পেয়ে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। চা ও পুড়ি বিক্রেতা জিয়া জানান, অতিরিক্ত দামে গ্যাস কিনে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।
সুলতান নগরের এক ডিলারের গোডাউন বন্ধ পাওয়া গেছে। অন্য একটি ডিলার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানি থেকেই বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় মূল্য কিছুটা বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ডিলারদের কাছে গ্যাস মজুত থাকলেও তা সরবরাহ করা হচ্ছে না। সীমিত সংখ্যক সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করায় বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
এদিকে বাস টার্মিনাল ও রাবেয়া মোড় এলাকার কয়েকটি এলপিজি স্টেশন গ্যাস সংকটে বন্ধ থাকায় গ্যাসচালিত যানবাহনের মালিকরাও চরম দুর্ভোগে পড়েছেন।
নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌর প্রশাসন জানায়, শহরকে পরিচ্ছন্ন রাখা ও জলাবদ্ধতা নিরসনে নিয়মিতভাবে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে মশার উপদ্রব কমাতে বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে। সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার তদারকিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করছে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে, ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সহায়ক হচ্ছে। পৌরসভার কর্মকর্তারা জানান, বর্তমান প্রশাসকের নির্দেশনায় পূর্বের তুলনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
দেশে হাম ও এর উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু হামে এবং ৬ জনের মৃত্যু উপসর্গে হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৫১ শিশু এবং নিশ্চিত হামে ২৮ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ শিশু সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৩৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭ হাজার ৬৫৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।
সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকায় রোববার (১২ এপ্রিল) সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। কেন্দ্রস্থল শিলচর হওয়ায় এর প্রভাব সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে চলতি মাসের ৭ তারিখেও একই অঞ্চলে ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘনঘন ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এসব ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ভূতাত্ত্বিক সক্রিয়তার বিষয়টি নজরদারিতে রাখার প্রয়োজন রয়েছে।