শিরোনাম

নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রতিকি ছবি

নরসিংদীর শিবপুর ও মাধবদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত রিকশার চালক ও এক শিশু যাত্রী নিহত হন। অন্যদিকে মাধবদীতে বাসচাপায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের মনোরটেক এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লাকুশি গ্রামের রুবেল শেখ (১৭) ও জুনায়েদ মিয়া (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের চালিত ব্যাটারিচালিত রিকশায় করে জুনায়েদ ও তার মা শিবপুর সদরে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জুনায়েদকে মৃত ঘোষণা করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে রুবেল মারা যান।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মোস্তফা জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় মাধবদীর গদারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী কুসুম আলী (৩৫)। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অষ্টগ্রামে যাওয়ার পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর