বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর করা তিনটি আবেদনই খারিজ করেছেন আদালত। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ষষ্ঠবারের মতো সময়ের আবেদন নামঞ্জুর করার পাশাপাশি জামিন ও চিকিৎসা সংক্রান্ত আবেদনও শুনানি ছাড়াই প্রত্যাখ্যান করেন।
বুধবার (২০ মে) দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ আদেশ দেওয়া হয়। শুনানিতে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
আদালত একই সঙ্গে মামলার প্রথম সাক্ষী নিহত আইনজীবী আলিফের পিতার সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে আগামী ২৪ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্র জানায়, আসামিপক্ষের আইনজীবী প্রধান কৌঁসুলির অসুস্থতার কারণ দেখিয়ে সময় আবেদন দাখিল করলেও শুনানির সময় কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপত্তি জানিয়ে আদালতকে জানায়, ধারাবাহিকভাবে সময় প্রার্থনা বিচারপ্রক্রিয়া বিলম্বিত করছে। পরে আদালত আবেদনটি খারিজ করেন।
একইসঙ্গে ডান হাত ও শরীরের একাংশ অবশ হয়ে যাওয়ার অভিযোগ তুলে চিকিৎসা সুবিধা এবং জামিন চেয়ে করা আবেদনও আইনজীবীর অনুপস্থিতির কারণে শুনানি ছাড়াই নামঞ্জুর করা হয়।
এদিন আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, বিজিবি ও বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা আদালত ভবন ঘিরে অবস্থান নেন। মামলাকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ও উত্তেজনাও লক্ষ্য করা যায়।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলায় প্রায় ৫০ জন সাক্ষীর তালিকা আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও আলামত জব্দকারী সদস্যরাও রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।