সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যে কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের বিস্তারিত শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা খাতের নীতিগত অগ্রাধিকার ও নতুন কর্মপরিকল্পনা উন্মোচন করেছেন। তিনি বলেন, বিএনপি সরকার শিক্ষাকে রাজনীতির হাতিয়ার বানাবে না, বরং দেশ গঠনের মূল শক্তি হিসেবে ব্যবহার করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম ও মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ নির্মাণে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। ববি হাজ্জাজ সংবাদদাতাদের বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা হবে। বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে উন্নয়ন তহবিলের হঠাৎ খরচ বন্ধ করা হবে এবং বছরের শেষে অব্যবহৃত তহবিল পুনরায় কাজে লাগানো হবে। তিনি স্কুল অবকাঠামো, পানি-স্যানিটেশন, নিরাপত্তা, মিড-ডে মিল, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও শিক্ষক প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” প্রকল্প শুধুমাত্র গ্যাজেট নয়, এটি শিক্ষণ-শেখার মূল অপারেটিং সিস্টেম হবে। এছাড়া তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে, এবং বিজ্ঞান, কোডিং ও রোবোটিক্স শিক্ষাকে প্রাতিষ্ঠানিকভাবে মাধ্যমিক পর্যায় থেকে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। তিনি আরও জানান, স্কুল, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সমন্বিত করে “ন্যূনতম শিখন-মানদণ্ড” নির্ধারণ করা হবে। স্কুল পর্যায়ে খেলাধুলা, ট্যালেন্ট হান্ট এবং স্কুল লীগ চালু করা হবে। উচ্চশিক্ষা ও গবেষণাকে জ্ঞানভিত্তিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনের জন্য গ্র্যান্ট প্রদান করা হবে। ববি হাজ্জাজ জানান, বাস্তবায়নের জন্য তিন ধাপে পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রথম ধাপ (বর্তমান থেকে ঈদুল ফিতর) – বাজেটের ব্যবহারের রুট-কজ বিশ্লেষণ এবং পাইলট ডিজাইন; দ্বিতীয় ধাপ (ঈদুল ফিতরের পর) – জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা; তৃতীয় ধাপ (১২-৩৬ মাস) – পরীক্ষা ও মূল্যায়নের প্রযুক্তিগত সংস্কার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ব্রিজিং এবং বিশ্ববিদ্যালয় গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট বাস্তবায়ন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আতিকুর রহমান রুমনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তাঁর যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এতে নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। রাজনৈতিক জীবনের শুরু ছাত্ররাজনীতি থেকে করা জহির উদ্দিন স্বপন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর অর্জনকারী তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, সহকারী দপ্তর সম্পাদক ও মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সংসদে অভিজ্ঞ জহির উদ্দিন স্বপন তিনবার বরিশাল-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৫২ ভোটে জয়ী হন। পূর্বে তিনি জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)-এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বরিশালবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।” বরিশাল-১ আসনে ১৯৯১ সালের পর থেকে কোনো সংসদ সদস্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদে না থাকার কারণে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে জহির উদ্দিন স্বপনের পূর্ণ মন্ত্রী হওয়ার দাবি জানিয়েছিলেন। এই দাবিই এখন পূর্ণতা পেয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, “জহির উদ্দিন স্বপন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর শপথ গ্রহণ গোটা সংসদীয় এলাকার মানুষকে আনন্দিত করেছে। এটি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ রাজনীতির জন্য নতুন উদ্দীপনা যোগাবে।”