কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে জিল হকের শরীরের ৫৪ শতাংশ এবং উম্মে হুমায়রার ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে, যা আশঙ্কাজনক। মনোয়ারার শরীরের ২ শতাংশ ও শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে গ্যাস লিকেজকে কারণ হিসেবে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ বছর বয়সী শিশু জাহিন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় একটি মাহিন্দ্র (কাকড়া গাড়ি) এবং জামালপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত জাহিন উপজেলার বালিজুড়ী বাজারের মামুনুর রশিদের ছেলে। আহতরা হলেন নিহতের মা বিথি (৩৫), জোনাইল ফকিরবাড়ির সামিরা (৪০) ও মিজানুর রহমানের স্ত্রী সেলিনা (৩৫)। আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে; মৃত শিশুর মায়ের পা ও হাতের হাড় ভেঙে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ৬ বছর বয়সী শিক্ষার্থী বিথী আক্তার নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মীরগঞ্জের পাঠানপাড়া বাজার এলাকায় ঘটে। মৃত শিক্ষার্থী বিথী আক্তার মীরগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাবুল হোসেনের মেয়ে ও ব্র্যাক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, স্কুল শেষে বাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রীন–ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জামায়াত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।” তিনি নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।