নরসিংদীতে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দুর্নীতি, কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) নরসিংদী প্রেসক্লাবের সামনে কয়েকশ’ ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারদি মৌজায় দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। জমি বিক্রি বা ব্যাংক ঋণ নিতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখে রয়েছেন।
তাদের দাবি, ক্ষতিপূরণের অর্থ ছাড়ের ক্ষেত্রে অনিয়ম ও কমিশন দাবির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের হুমকি ও হয়রানির অভিযোগও করেন তারা।
বিক্ষোভকারীরা এডিসি মাহমুদা বেগমের অপসারণ দাবি করে স্লোগান দেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে নেতৃত্বদানকারী পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী জানায় এডিসি মাহমুদা বেগম তাদেরকে অনেক যন্ত্রণা দিয়েছে। এই যন্থ্রণার জেরই আজকের এই অবস্থা।
পরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাদের স্মারকলিপি গ্রহণ করেন।
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
তবে জেলা প্রশাসনের সদ্য বিদায়ী একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মাহমুদার অপকর্মের জন্য ইতোপূর্বে দুইজন জেলা প্রশাসককে হেনস্থার শিকার হতে হয়েছে।
সে জেলা প্রশাসকের কাছে সকল কর্মকর্তার বিরুদ্ধে কানভারী করে নিজেকে ভালো রেখে বীরদর্পে দুর্নীতি ও নানা অনিয়ম করে বেড়াচ্ছে।
পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩৬ হাজার শিশু হাম-রুবেলা টিকা পাবে। ১১ দিনব্যাপী এ জাতীয় টিকাদান ক্যাম্পেইন চলবে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। তিনি জানান, জেলার ৩টি পৌরসভা ও ৫টি উপজেলায় মোট ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকাদান কার্যক্রম আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। কর্তৃপক্ষ জানায়, টিকা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক।
নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ডোমারের শান্ত পরিবেশ নষ্ট করতে চাঁদাবাজি ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা চালাচ্ছে এবং সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, অবৈধভাবে চাঁদা আদায় এবং টোল সংগ্রহে বাধা সৃষ্টি করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বক্তারা বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে বৈধ টোল আদায় অব্যাহত রাখা জরুরি, কারণ ইজারাদাররা নির্ধারিত অর্থের বিনিময়ে সরকারিভাবে ইজারা গ্রহণ করেছেন। এদিকে, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় টোল আদায়কারীদের একজন গণপিটুনির শিকার হন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো প্রাণহানি হয়নি। রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফ মেরিন ড্রাইভ-এর বড় ডেইল এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী গাড়িতে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। পরবর্তীতে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়লে তা বিস্ফোরিত হয়ে যানটি সম্পূর্ণভাবে দাউদাউ করে জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনায় চালক সাময়িকভাবে অচেতন হয়ে পড়লেও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়; যাত্রীরা নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসেন বলে নিশ্চিত করেছে পুলিশ।