বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, শামীম ও সিয়াম হোসেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাটকা বিরোধী অভিযানে অংশ নিতে তারা মোটরসাইকেলে স্টিমারঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ভুক্তভোগীদের দাবি, স্থানীয় কয়েকজনের নির্দেশে ২০-২৫ জনের একটি দল এ হামলা চালায়।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নাটোর জেলার সিংড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত ডাহিয়া ইউনিয়নর পারিল গ্রামে সিরাজুল ও কালাম গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এই সহিংস সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, জমি নিয়ে চলমান বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, ফলে উভয় পক্ষের বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে সিরাজুল ও কালাম উভয় পক্ষের একাধিক ব্যক্তি রয়েছেন, যাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। বাংলাদেশ পুলিশ জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) পরিদর্শন করেছেন মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার তাকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। জিওসি ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, রাজনীতিমুক্ত পরিবেশ এবং সেশনজটমুক্ত শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধন শেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। সভায় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য কর্মকর্তা বায়েজিদ হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ।