ভোলার লালমোহন উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর রায়চাঁদ বাজার এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হস্তক্ষেপ করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও বিডিপি পৃথক সংবাদ ব্রিফিংয়ে একে অপরের বিরুদ্ধে হামলা উসকে দেওয়া, পরিকল্পিত সহিংসতা এবং নির্বাচন বানচালের অভিযোগ তোলে।
পুলিশ জানায়, জুমার নামাজের আগে একটি দাওয়াতি কার্যক্রমকে ঘিরে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে সন্ধ্যার দিকে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি আরও অবনতি ঘটে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর সড়কের কাঁচাবাজারের সামনে অবস্থিত ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফেনীতে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) শহরের একটি কনভেনশন হলে হামযা এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক স্কলার ড. নুরুল ইসলাম মাক্কী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিদ্দিক উল্লাহ এবং মাওলানা মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব ফারুকী। হামযা এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজযাত্রীদের হজের বিধান, করণীয় এবং সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরাপদ হজ সম্পন্নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। তারা জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মো. হোসেনসহ আরও তিনজন আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং সুরতহাল প্রতিবেদন ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।