নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে জলঢাকা পৌরসভার রংপুর–ডিমলা আঞ্চলিক মহাসড়কের চৌকিদারের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে জলঢাকা কেশ কোম্পানির দিকে যাওয়া অটোরিকশার সংঘর্ষ হলে ইপিজেড কর্মী সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা। আহত দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭) কে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, ঘন কুয়াশার সুযোগে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কেউ অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন অ্যাডুকেশন (আইএলপিই-৬.০) প্রতিযোগিতার রংপুর বিভাগীয় আঞ্চলিক রাউন্ড আগামী ২ মে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত শিক্ষা বিষয়ক সংস্থা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামের আঞ্চলিক রাউন্ডের জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের গুণাবলী বিকাশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নিয়ে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাইমারি, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র, ৯ম ও ১০ম শ্রেণি সেকেন্ডারি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি হায়ার সেকেন্ডারি এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক রাউন্ডের সফল প্রতিযোগীরা জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। যদিও অলনাইন নিবন্ধনের সময়সীমা ছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী শিক্ষার্থী অনলাইন নিবন্ধন না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ম্যানুয়াল নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ৩৬০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে আগামী ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত ম্যানুয়াল নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। আঞ্চলিক রাউন্ডের সমন্বয়কারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, আমাদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই আঞ্চলিক রাউন্ডের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে গড়ে তোলার একটি অনন্য প্লাটফর্ম। রংপুর বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নেতৃত্বের পাঠ নেবে, তেমনি বিদেশের মাটিতে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবেন। উল্লেখ্য,এই ইভেন্টের চূড়ান্ত বা আন্তর্জাতিক রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে।
সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় লুট হওয়া ৬১০ বস্তা কাটারিভোগ চালসহ একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে চালের বড় একটি অংশ বিভিন্ন গোডাউন থেকে জব্দ করা হয় এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দেয়। সোমবার রাতে কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে ট্রাকের গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে তাদের হাত-পা-মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ট্রাকটি ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহেল শিমলা থানায় অভিযোগ দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। একই সঙ্গে বিভিন্ন গোডাউন থেকে মোট ৫৭০ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার থেকে ১০০ বস্তা, আতাউল থেকে ৫০ বস্তা, মোজাম্মেল থেকে ৫০ বস্তা এবং মোতালেব থেকে ২০ বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার ও তার কর্মচারী সুমন সরকারকে আটক করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চালসহ ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস থেকে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির এক পরীক্ষার্থী নকল করছিলেন। বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা হলে নকল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।