জামায়াতে ইসলামী

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, কারাগারে জামায়াত নেতা

সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও তাঁর চেয়ার দখলের অভিযোগে দায়ের করা মামলায় সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম আসামি একেএম আজহারুজ্জামান মুকুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বল্লী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলার বাদী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিলুজ্জামান। তিনি ২০২৪ সালের ১৯ নভেম্বর সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে সিআইডি। তদন্ত শেষে ২০২৫ সালের ১০ নভেম্বর একেএম আজহারুজ্জামান মুকুলসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট বিদ্যালয়ে প্রবেশ করে অভিযুক্তরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করে কক্ষ থেকে বের করে দেন এবং তাঁর চেয়ার দখল করেন। ঘটনাটির দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মুজিদ জানান, সিআইডির তদন্তেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, একই মামলায় এর আগে অভিযুক্ত মহব্বত খাঁ ও আজমল হোসেনকে কারাগারে পাঠানো হলেও পরে তারা জামিনে মুক্তি পান। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।  

সাতক্ষীরা মার্চ ৫, ২০২৬ 0
হঠাৎ অসুস্থ জামায়াত আমির

রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। দলীয় সূত্র জানিয়েছে, যাত্রাপথেই হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, “আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।” ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনও জানান, “আমরা দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন।”

নিখাদ খবর ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0
মন্ত্রী শেখ রবিউল আলম ‘সমঝোতার’ কথা বলে চাঁদাবাজিকে বৈধ করছে: জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের ‘সমঝোতার’ নামে চাঁদাবাজি কার্যত বৈধ করার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। বিবৃতিতে বলা হয়, একজন দায়িত্বশীল মন্ত্রীর উক্তি যদি এমন বার্তা দেয় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে তা রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং অপরাধীদের উৎসাহিত করবে। জামায়াতে ইসলামী দাবি করেছে, সরকারের নীতি হওয়া উচিত চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ এবং দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া। সংগঠনটি সরকারের কাছে পুনরায় আহ্বান জানিয়ে বলেছে, মন্ত্রী শেখ রবিউল আলমের উক্তি প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে এবং চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা আরও জানিয়েছেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
শহীদ মিনারে জামায়াত আমিরকে ঘিরে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে তিনি বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এটি শহীদ মিনারে তাঁর প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব আখতার হোসেনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একদল যুবক ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’–বিরোধী স্লোগান দেন। পাল্টা প্রতিক্রিয়ায় জামায়াত সমর্থকরাও স্লোগান দিলে সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং নিরাপত্তা বলয় জোরদার করেন। পরে বিরোধীদলীয় নেতা ও জোটের অন্যান্য সদস্যরা নিরাপদে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
“কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা”: ড. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “আমি কোনো ধনী পরিবারে জন্ম নিইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল।” রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানি দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো। অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন—আমি তা করি না; আমি সেই ঘামকে সম্মানের চোখে দেখি।” ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই—একদল নিষ্পাপ শিশু, যাদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যের অনুভূতি হয়; আরেকদল দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।” স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, “আমি যতদিন সংগঠনের দায়িত্বে আছি, ততদিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি।” ইটনার স্মরণসভা শেষে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নিকলীর ছাতিরচরের আব্দুস ছালামের পরিবারের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ, জেলা অমুসলিম সেক্রেটারি কৃষ্ণচন্দ্র বণিকসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি এর আমীর ডা. শফিকুর রহমান। ওই জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সাতক্ষীরা হবে সন্ত্রাসমুক্ত ও অধিকারবান্ধব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজ খানম আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন। বিজয়ী প্রার্থীরা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে সাতক্ষীরার জনগণ ভোটের মাধ্যমে রায় দিয়েছেন। সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, জেলার মানুষকে হয়রানি ও মিথ্যা মামলা থেকে রক্ষা করতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সাতক্ষীরা গড়তে কাজ করবেন। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাসার দুর্নীতিমুক্ত জেলা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় শ্যামনগরের উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। এ সময় জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, ভোটদাতা–অভোটদাতা নির্বিশেষে জেলার সব মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী ছাত্রশিবির–এর নেতাকর্মীরা।  

সাতক্ষীরা ফেব্রুয়ারি ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
“প্রশাসনকে পুরো নিরপেক্ষ বলবো না”: এটিএম আজহারুল

পঞ্চগড়ের বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট প্রদান করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ভোটের পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ কিনা তা বলা সম্ভব নয়, তবে বর্তমানে ভোটের পরিস্থিতি মোটামুটি ভালো। এটিএম আজহারুল ইসলাম বলেন, “গতকাল অনেকেই বিভিন্ন অঘটন ঘটানোর চেষ্টা করেছে। আমি ওসিকে বিষয়টি বলার চেষ্টা করেছি, কিন্তু পর্যাপ্ত প্রতিক্রিয়া পাইনি। তবে ভোটের শুরুতে সার্বিক পরিস্থিতি ভালোই মনে হচ্ছে।” তিনি আরও জানান, যেখানে তিনি ভোট দিয়েছেন, সেখানে আলো অপর্যাপ্ত ছিল। এ নিয়ে তিনি সরাসরি কর্তৃপক্ষকে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “ভোটের পরিস্থিতি মোটামুটি ভালো, তবে ১৭ বছর পর নির্বাচন হওয়ায় প্রাথমিক সময়ে কিছু সমস্যা স্বাভাবিক। এখন পর্যন্ত আমার এলাকায় বড় ধরনের অনিয়ম দেখা যায়নি।” তিনি ব্যক্তিগতভাবে জয়ের ব্যাপারে আশাবাদী, বলেন, “জনগণের উৎসাহ দেখে মনে হচ্ছে, যদি ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং গণনা সঠিকভাবে হয়, আমরা বিপুল ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ।” সারাদেশের ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে যা খবর এসেছে, তা থেকে ধারণা করা যায় মোটামুটি সার্বিকভাবে নির্বাচন এখনো সুষ্ঠু।”  

রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ১২, ২০২৬ 0
বিমানবন্দরে জব্দকৃত অর্থ ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ হিসেবে দাবি করেন এহসানুল মাহবুব

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটকের ঘটনায় ভিন্ন ব্যাখ্যা দিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, উদ্ধারকৃত অর্থ কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট নয়; এটি সম্পূর্ণভাবে তার গার্মেন্টস ব্যবসার লেনদেনের টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আটকের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তার ভাষ্য অনুযায়ী, আটককৃত অর্থের সঙ্গে নির্বাচনী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই। এর আগে একই দিন দুপুরের দিকে সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেলাল উদ্দিনকে প্রায় ৪০ লাখ টাকাসহ আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত অর্থ মেশিনে গণনার প্রক্রিয়া চলছে এবং ঘটনার আইনগত দিক যাচাই করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কামিল মাদরাসার শিক্ষক। বিষয়টি তদন্তাধীন থাকায় পরবর্তী আইনি পদক্ষেপ তদন্ত শেষে জানানো হবে

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
বেলাল উদ্দিন
‘টাকার ব্যাগ’সহ আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল উদ্দিন ‘টাকার ব্যাগ’সহ আটক হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিন ইউএস বাংলার ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করা হয়, যেখানে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিকভাবে টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার জানান, বেলাল উদ্দিন জানিয়েছেন, এটি তার ব্যবসার অর্থ। তবে এখন পর্যন্ত তিনি কোনো উৎস প্রমাণ দেখাতে পারেননি। তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সম্পর্কিত নথি ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
পোলিং এজেন্টদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রশাসনের সহযোগিতা চাইলেন জামায়াত প্রার্থী

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় নালিতাবাড়ী পৌর শহরের গাজীরখামার এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছেন এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। এ ছাড়া প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অর্থ ও উপকরণ দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, শেরপুর-২ আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জামায়াত ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেরপুর প্রতিনিধি> ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির শেষ নির্বাচনী জনসভা জনতার মহামিলনে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা শেরপুর-২ আসনকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলমুক্ত করার অঙ্গীকার করেন। প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে বৈষম্য ও লুটপাটের রাজনীতি বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। প্রধান বক্তা জাকসুর সাবেক জিএস আব্দুল আলিম আরিফ বলেন, চাঁদা ও দখলমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের রায় প্রয়োজন। বিশেষ অতিথিরা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।  

শেরপুর প্রতিনিধি> ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
পঞ্চগড় দুই আসনে চাদামুক্ত না চাদাযুক্ত এমপি দেখতে চান ১২ তারিখ ভোট দিয়ে প্রমাণ করুন: সফিউল্লাহ সুফি

পঞ্চগড়-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী প্রার্থী সফিউল্লাহ সুফি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, “১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে প্রমাণ করুন, চাদামুক্ত ও ন্যায়পরায়ণ এমপি চান কি না।” সোমবার (৯ ফেব্রুয়ারি) বোদা উপজেলা ধানহাটি মাঠে দাড়িপাল্লা প্রতীকের জনসভায় তিনি বলেন, আগামী নির্বাচনে সাধারণ ভোটাররাই প্রধান বিচারক। তিনি এলাকার মানুষকে অন্যায়, জুলুম, ভূমি দখল ও দুর্নীতিমুক্ত পঞ্চগড়-২ গঠনে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। সফিউল্লাহ সুফি বলেন, গত কয়েক বছরে এলাকায় চাদাবাজি, মামলা বাণিজ্য ও ভূমি-দখলের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। তিনি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সরকার থেকে প্রাপ্ত সম্মানি মসজিদ-মন্দিরে দান করবেন। এছাড়া তিনি ভোটারদের সতর্ক করে বলেন, সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। জনসভা শেষে সফিউল্লাহ সুফির নেতৃত্বে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিল ধানহাটি থেকে বের হয়ে বোদা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে কয়েক সহস্রাধিক ভোটার অংশগ্রহণ করেন। উপজেলা জামায়াতে ইসলামের আমীর জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার হিমু সহ স্থানীয় নেতৃবৃন্দ।  

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
“নির্বাচনে পরাজয়ের শঙ্কায় একটি পক্ষ হতাশ”: জামায়াত আমির

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গোষ্ঠী নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে এবং সেই হতাশা থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন সব তৎপরতা রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে প্রতিহত করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণাকালে দেওয়া বক্তব্যে তিনি নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, ভোটকেন্দ্রের আশপাশে ক্যামেরা ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্বচ্ছতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের মধ্যে এ ধরনের বিধিনিষেধ প্রত্যাহার না হলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে আন্দোলনের ঘোষণাও দেন তিনি। তিনি আরও বলেন, ক্ষমতার লোভে একটি পক্ষ প্রশাসনিক প্রভাব ব্যবহার করে নির্বাচনী মাঠকে নিজেদের অনুকূলে নিতে চাইছে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, দলীয় পক্ষপাতমূলক আচরণ করলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। মোহাম্মদপুর এলাকার সামাজিক সমস্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে মাদক ও অস্ত্রের অবৈধ বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং তরুণদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে জামায়াতের বিশাল নির্বাচনী মহিলা মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নীলফামারীতে জামায়াতে ইসলামী আয়োজন করে স্মরণকালের প্রচারণামূলক মহিলা মিছিল। রোববার (৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী বড় বাজার থেকে শুরু হওয়া প্রায় ২ কিলোমিটার দীর্ঘ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ। সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে রিক্সা, ভ্যান, অটো এবং পায়ে হেঁটে জামায়াতের মহিলা কর্মী ও সমর্থকরা মিছিলে যোগ দেন। এক ঘন্টার মধ্যেই বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের এলাকা মিছিলের ঢেউয়ে ভরে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ধলক্ষাধিক মহিলা মিছিলে অংশ নেন। অনুষ্ঠানে সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি মামুনুর রশীদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, “মহিলাদের এত বড় মিছিল আমরা আগে কখনও দেখিনি। পুরো শহর যেন মিছিলে রঙিন হয়ে উঠেছে।”  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছেন নীলফামারী-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী শহরের মরালসংঘ মোড়ে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি ইশতেহারটি প্রকাশ করেন। ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং জীবন ও সম্পদের নিরাপত্তাসহ সমৃদ্ধ ও সমতার নীলফামারী গড়ার অঙ্গীকার করা হয়। এসব বিষয়ে ৬টি অঙ্গীকারের আওতায় মোট ৩৩টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ৮, ২০২৬ 0
ফখরুদ্দিন আহম্মদ মানিক
ডা. পদবী ব্যবহারে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ

ডা. পদবি ব্যবহার সংক্রান্ত অভিযোগে ফেনী-৩ আসনের ১১ দলীয় জোট (জামায়াতে ইসলামী) মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এ নোটিশ জারি করেন। শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে ফখরুদ্দিন মানিক তাঁর নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন। অথচ দাখিলকৃত নির্বাচনী হলফনামায় তাঁর নামের সঙ্গে ‘ডা.’ পদবির কোনো উল্লেখ নেই। বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও বলা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(৩)(খ) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় কেন তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিচার কার্যক্রম গ্রহণ করা হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না—সে বিষয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। শোকজ নোটিশ অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা জজ আদালত) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেনী ফেব্রুয়ারি ৭, ২০২৬ 0
সাতক্ষীরা চারটি আসনের জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে গত ১৫ বছর ছিল দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। সাতক্ষীরা ও কালীগঞ্জ সেই সময়ের সবচেয়ে বড় সাক্ষী। এই সময়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরের সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও রক্তের বিনিময়ে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি পুরনো অবস্থা ফিরে আসে, তবে মানুষের দুঃখ ঘুচবে না। ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গড়তে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। মোয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন, যারা ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক (কায়েম), সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও মানবিকতার বাংলাদেশ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরার চারটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। এর আগে জামায়াতের কেন্দ্রীয় নেতারা শ্যামনগর, দেবহাটা ও কলারোয়ায় পৃথক জনসভায় বক্তব্য দেন।  

সাতক্ষীরা ফেব্রুয়ারি ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার, মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় অতিক্রম করে মন্ডল মোড়ে উপজেলা শাখার কার্যালয়ে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জন্য প্রতিবাদী স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে ১৪১ জামালপুর-৪ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল বলেন, নির্বাচনী মাঠে নারীদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা ও কঠোর শাস্তির দাবি জানান। এসময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী সুলতানা সাথী, সহ-সভাপতি সাবিনা খাতুন, পৌর সভাপতি শাহনাজ পারভিন, সহ-সভাপতি হীরা আক্তার ও ইউনিয়ন নেত্রীবৃন্দ। তারা বলেন, পরিকল্পিতভাবে নারী কর্মীদের টার্গেট করে হামলা ও হেনস্থা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। দ্রুত দোষীদের গ্রেপ্তার, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করা হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তানিয়া আক্তার ফেব্রুয়ারি ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভায় জনতার ঢল

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. রেজাউল করিম। অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “এ অঞ্চলের প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ রাখব। দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাস থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সকল ধর্মের মানুষই সম্প্রতির বন্ধনে বসবাস করবে। রাজনীতির কারণে কোনো ব্যক্তি বা পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দিন।” উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল ইসলাম, হাফেজ সুলতান আহমদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। এছাড়া বক্তৃতা দেন শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান। জনসভায় ১৬টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন প্রধান সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। এ সময় জিউধরা ইউনিয়নের বিএনপির ৭৫ জন নেতাকর্মী জামায়াতের সঙ্গে যোগদান করেন। অধ্যক্ষ আব্দুল আলীম উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে পানগুছি নদীতে সেতু নির্মাণ, ভেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থা, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এবং সুন্দরবনে আধুনিক পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা।

মোরেলগঞ্জ, বাগেরহাট ফেব্রুয়ারি ৭, ২০২৬ 0
“জামায়াত চাঁদাবাজি করবে না এবং কাউকেও করতেও দেবে না”: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িত নয়। ৫ আগস্টের পর জামায়াত সারাদেশে মানুষের সম্পদ ও সম্মান রক্ষায় ভূমিকা রেখেছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকেও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জুলাইয়ের শহিদরা প্রাণ দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের পথ তৈরি করেছেন। জনগণের ভোটে ১১ দলীয় জোট বিজয়ী হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতির গোড়া ধরেই ব্যবস্থা নেওয়া হবে। বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে—এটা চলতে পারে না। গত সাড়ে ১৫ বছরে ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ লুট ও পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বিদেশে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা। এই অর্থ জনগণের সম্পদ, তা ফেরত আনার জন্য চূড়ান্ত লড়াই করা হবে। দলের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে বিচারিক প্রক্রিয়ার নামে হত্যা করা হয়েছে এবং বহু নেতাকর্মী নিহত ও পঙ্গু হয়েছেন। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জামায়াত প্রতিশোধের রাজনীতিতে যাবে না। তবে শহিদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে মিথ্যা মামলা ও মামলা বাণিজ্যের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। নারী ও যুবকদের বিষয়ে তিনি বলেন, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বরিশাল অঞ্চলের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, নদী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ করা গেলে এ অঞ্চলের চিত্র বদলে যাবে। জনসভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।  

বরিশাল ফেব্রুয়ারি ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
ফকিরহাটে দাড়িপাল্লার নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত

ফকিরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাদ আছর মডেল মসজিদ চত্ত্বর থেকে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড় চত্ত্বরে শেষ হয়, যেখানে পথসভায় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সহকারী সেক্রেটারি শেখ সুমন হোসেন, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দার ও ইউনিয়ন যুবনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভোটারদের কাছে হ্যা ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এটি দেশের জন্য মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।  

ফকিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

অপরাধ

নীলফামারীতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৮, ২০২৬ 0