ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। রোববার জেলা প্রশাসক কার্যালয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।
আগে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে তিন আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮।
বাতিল প্রার্থীরা:
• মানিকগঞ্জ–১: আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র), মো. শাহজাহান খান (জনতা দল)
• মানিকগঞ্জ–২: আবিদুর রহমান নোমান (স্বতন্ত্র), মো. আব্দুল হক মোল্লা (বিএনপি), এস এম আব্দুল মান্নান (জাতীয় পার্টি)
• মানিকগঞ্জ–৩: আতাউর রহমান আতা, মোহাম্মদ রফিকুল ইসলাম (এবি পার্টি), রফিকুল ইসলাম (স্বতন্ত্র), মো. ফারুক হোসেন (স্বতন্ত্র)
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের ভোটার তালিকা যাচাইয়ে অসত্য তথ্য পাওয়া গেছে। এছাড়া দুই প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর অনুপস্থিত ছিল, একজন ঋণখেলাপি ছিলেন।
বৈধ প্রার্থীরা:
• মানিকগঞ্জ–১: বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, মাইনরিটি জনতা পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীরা
• মানিকগঞ্জ–২: বিএনপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের প্রার্থীরা
• মানিকগঞ্জ–৩: বিএনপি, গণফোরাম, জামায়াতে ইসলামী, জাসদ, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীরা
উল্লেখ্য, মানিকগঞ্জের তিনটি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এর মধ্যে ২৭ জন জমা দিয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভোররাতে গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির আওতাধীন আন্তর্জাতিক সীমান্তের পিলার নং ৮৭৪/২-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তি মো. আলী হোসেন (পিতা: মৃত আব্দুল গফুর), যিনি পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সীমান্ত এলাকায় অবস্থানকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার সুনির্দিষ্ট কারণ ও প্রেক্ষাপট যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। উল্লেখ্য, এর আগে গত সোমবার (৬ এপ্রিল) একই সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে আরেক বাংলাদেশি যুবক আহত হন। সাম্প্রতিক এই ধারাবাহিক ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের সময় মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে। জাটকা নিধন প্রতিরোধে হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আটক ১৯ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। তিনি আরও জানিয়েছেন, সরকারের নির্দেশ শতভাগ সফল করতে এ অভিযান অব্যাহত রয়েছে।
নীলফামারীতে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং রাজ: ৩৪৪৬) নতুন অফিস মঙ্গলবার (৭ এপ্রিল) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। শহরের কালিতলা বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ নুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যডভোকেট মিজানুর রহমান চৌধুরী। শুভ উদ্বোধন করেন জেলা জজ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যডভোকেট আবু মোঃ সোয়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। অভিনন্দন সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, সহসভাপতি মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, শ্রমিক নেতা বজলার রহমান এবং জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। বক্তারা শ্রমিক নেতাদের কাছে সংগঠনকে শক্তিশালী করার এবং শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গে সমানভাবে থাকাসহ বৈষম্য না করার আহবান জানান। আলোচনা সভার পর শ্রমিকরা আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।