বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে রোববার (৮ মার্চ) ১৮ রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় ওঠা ভুল ইতিহাস; আগামী নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে। আমরা জেলা, উপজেলা, ইউনিয়নসহ সকল স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নেব।”
তিনি আরও বলেন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি বিশ্ব মানবতার পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্রের সব ক্ষেত্রে তাকওয়াবান মানুষের দায়িত্ব দেওয়াই ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “সম্প্রতি সারাদেশে ইসলামের পক্ষে জাগরণ দেখা গেছে, কিন্তু ভোট কেড়ে নেওয়া হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক। উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যমতে, মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম ও নিহতদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট থানায় প্রক্রিয়া চলমান রয়েছে।
বরিশালের গ্রামীণ এলাকায় নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে ৪২ কোটি টাকা ব্যয়ে বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। চলতি মাসে শুরু হওয়া এ প্রকল্প ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যের টুইন-পিট ল্যাট্রিন স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কমিউনিটি লেট্রিন নির্মাণ করা হবে। জানা গেছে, জেলার ১০টি উপজেলায় ৪০টি কমিউনিটি লেট্রিন নির্মাণে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৮টি উপজেলায় দরিদ্র পরিবারের জন্য ৬ হাজারটি ল্যাট্রিন নির্মাণ করা হবে, যেখানে প্রতিটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি ৪০ লাখ টাকা। ডিপিএইচই সূত্র জানায়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যবিধি উন্নয়ন এবং শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, তথ্য-শিক্ষা-যোগাযোগ কার্যক্রম এবং প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। ডিপিএইচই বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান তরফদার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে জনগণের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা হবে।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় আবুবকর ছিদ্দিক মিঞার নাতি এবং মৃত আফছার মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে চায়ের দোকান পরিচালনার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের কাজ শেষে তিনি শুকাতে দেওয়া বাদাম ঘরে তুলতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ৯টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।