বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম অগ্রদূত সাখাওয়াত আলী খান আর নেই। রোববার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরে বাসায় ফেরার পর রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৯ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে তার মরদেহ নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে দাফনের জন্য নেওয়া হয়।
অধ্যাপক সাখাওয়াত আলী খান ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসর নেন। অবসরের পরও তিনি সুপার নিউমারারি অধ্যাপক এবং পরবর্তীতে অনারারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪১ সালে নরসিংদীর শিবপুরে জন্ম নেওয়া এই শিক্ষাবিদ শিক্ষকতা পেশায় যোগদানের আগে প্রায় এক দশক জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন। তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি এবং ‘সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান ছিলেন। জীবদ্দশায় তিনি দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন এবং একাধিক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতিসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বরিশালের গ্রামীণ এলাকায় নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে ৪২ কোটি টাকা ব্যয়ে বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। চলতি মাসে শুরু হওয়া এ প্রকল্প ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যের টুইন-পিট ল্যাট্রিন স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কমিউনিটি লেট্রিন নির্মাণ করা হবে। জানা গেছে, জেলার ১০টি উপজেলায় ৪০টি কমিউনিটি লেট্রিন নির্মাণে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৮টি উপজেলায় দরিদ্র পরিবারের জন্য ৬ হাজারটি ল্যাট্রিন নির্মাণ করা হবে, যেখানে প্রতিটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি ৪০ লাখ টাকা। ডিপিএইচই সূত্র জানায়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যবিধি উন্নয়ন এবং শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, তথ্য-শিক্ষা-যোগাযোগ কার্যক্রম এবং প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। ডিপিএইচই বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান তরফদার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে জনগণের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা হবে।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় আবুবকর ছিদ্দিক মিঞার নাতি এবং মৃত আফছার মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে চায়ের দোকান পরিচালনার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের কাজ শেষে তিনি শুকাতে দেওয়া বাদাম ঘরে তুলতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ৯টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা কমপ্লেক্স-এর সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।