সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, স্বাধীনতার স্বার্থকতা রক্ষা এবং জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। তিনি দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান জানান।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা ট্যাংকে চড়ে বা সংবিধান বাতিল করে ক্ষমতায় আসেননি, তবে স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে তিনি ক্ষমতাকে দানবীয় রূপ দিয়েছেন। এ কাঠামো বহাল থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসা যে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি বলেন, কেবল আইন বা সংবিধান সংশোধনের মাধ্যমেই স্বৈরাচার থেকে মুক্তি মিলবে না। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা অনেকাংশে নির্ভর করে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন এবং এ ক্ষেত্রে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। নির্বাচন, সংস্কার ও বিচার—এই তিন অগ্রাধিকার বাস্তবায়নে সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। ফলে সংস্কারের পক্ষে সরকার প্রচারণা চালাতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ভুক্তভোগীদের টানা আন্দোলন এবং দুর্নীতির ভয়াবহ সব অভিযোগের মুখে অবশেষে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে বদলি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নরসিংদী থেকে সরিয়ে অন্য দপ্তরে পদায়ন করা হয়। দুর্নীতির ‘পার্সেন্টেজ’ ও কোটি টাকার বাণিজ্য আন্দোলনকারীদের অভিযোগ, মাহমুদা বেগমের দুর্নীতির জাল ছিল অত্যন্ত বিস্তৃত। স্থানীয়দের দাবি, ভূমি সংক্রান্ত ফাইল ছাড়াতে তাকে নির্দিষ্ট হারে 'পার্সেন্টেজ' দিতে হতো। কোটি কোটি টাকার এই ঘুস বাণিজ্যের কারণে সাধারণ সেবাগ্রহীতারা দিশেহারা হয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো হলো : • ঘুষ ও পার্সেন্টেজ বাণিজ্য: প্রতিটি গুরুত্বপূর্ণ নথিপত্র সই করার বিনিময়ে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ। • কোটি টাকার সম্পদ : নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা দাবি করেছেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। • অসহযোগিতা ও হয়রানি : ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে মাসের পর মাস ঘুরিয়ে হয়রানি করা। • অপেশাদার আচরণ : সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন আটকে রাখা। উত্তাল নরসিংদী ও মন্ত্রণালয়ের পদক্ষেপ গত কয়েকদিন ধরেই মাহমুদা বেগমের পদত্যাগ ও শাস্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিলেন ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এসব অনিয়মের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। প্রশাসনিক কাজের গতিশীলতা ফেরাতে এবং উদ্ভূত জনরোষ নিয়ন্ত্রণে রাখতে আজ জরুরি ভিত্তিতে এই বদলির আদেশ জারি করা হয়। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, কেবল বদলি নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩৬ হাজার শিশু হাম-রুবেলা টিকা পাবে। ১১ দিনব্যাপী এ জাতীয় টিকাদান ক্যাম্পেইন চলবে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। তিনি জানান, জেলার ৩টি পৌরসভা ও ৫টি উপজেলায় মোট ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকাদান কার্যক্রম আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। কর্তৃপক্ষ জানায়, টিকা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক।
নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ডোমারের শান্ত পরিবেশ নষ্ট করতে চাঁদাবাজি ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা চালাচ্ছে এবং সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, অবৈধভাবে চাঁদা আদায় এবং টোল সংগ্রহে বাধা সৃষ্টি করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বক্তারা বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে বৈধ টোল আদায় অব্যাহত রাখা জরুরি, কারণ ইজারাদাররা নির্ধারিত অর্থের বিনিময়ে সরকারিভাবে ইজারা গ্রহণ করেছেন। এদিকে, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় টোল আদায়কারীদের একজন গণপিটুনির শিকার হন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।