খাগড়াছড়ির লক্ষীছড়িতে শিক্ষা ক্ষেত্রের গুণগত মান বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগী হয়ে বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে নতুন হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন করেছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালেও লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন হোস্টেলটি ৪০ শিক্ষার্থীর জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করবে, আর বিজ্ঞান ও আইসিটি ভবন শিক্ষার্থীদের আধুনিক ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা লাভে সহায়তা করবে। ৫৩৫ ফুট দৈর্ঘ্যের সংযোগ সড়ক স্কুল প্রাঙ্গণ থেকে মূল ফটক পর্যন্ত যাতায়াতকে সহজ ও নিরাপদ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মন্তব্য করেন, সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং শিক্ষা মূলধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের আস্থা ও অংশগ্রহণকে দৃঢ় করছে।
সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযান বনদস্যুদের কার্যক্রমে লাগাম দিচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড বৃহস্পতিবার (১২ মার্চ) শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করেছে। অভিযানের সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। ওসমান গণি সাতক্ষীরা জেলার থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দস্যু দলের সঙ্গে জড়িত ছিলেন। কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের মাধ্যমে বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পিআইও মো. আব্দুল মাবুদ জানান, উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও বৃদ্ধাশ্রমে মোট ১৬৪ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, স্বচ্ছতার সাথে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়েছে এবং এ কার্যক্রমে কোনো জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা হয়নি।
রাজধানীর মিরপুরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা (২২)-এর জানাজা বুধবার (১১ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে নিজ এলাকা নিচু কলোনীতে নেমে এসেছে শোকের ছায়া। সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলার নিচুকলোনী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের হাতিখানা কবরস্থানে তার নানির কবরের পাশে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন। অনন্যা ছিলেন সৈয়দপুর উপজেলার নিচু কলোনী বিমানবন্দর পূর্বপাড়া এলাকার অটোরিকশা চালক আব্দুল হান্নানের বড় মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের প্রধান ভরসা। ছোট বোন নুরে জান্নাত সুবর্ণা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পারিবারিক সূত্রে জানা যায়, অনন্যা সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে এসএসসি পাস করে স্থানীয় সানফ্লাওয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। পড়াশোনার সময়ই তিনি বিমান বাহিনীতে সৈনিক পদে যোগদানের সুযোগ পান। প্রায় চার বছর আগে বাহিনীতে যোগ দিয়ে সিলেটে প্রথম কর্মস্থলে দায়িত্ব পালন শুরু করেন। পরিবার জানায়, অটোরিকশা চালক বাবার সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। কিছুদিন আগে বাবার অটোরিকশা নষ্ট হয়ে যাওয়ার পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে ওঠেন অনন্যা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে সোমবার মিরপুর-২ এলাকার একটি শপিং মলে গিয়েছিলেন তিনি। দুপুরে ভবনটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তিনি ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তার মৃত্যু হয়। অনন্যার ফুফু ফরিদা পারভীন বুলবুলি বলেন, “আমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম। চাকরিতে যোগ দিতে যাওয়ার সময় বিদায় দিতে কষ্ট হয়েছিল, কিন্তু এভাবে হারাবো কখনো ভাবিনি।” সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা জানান, পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া যায় সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে অনন্যার অকাল মৃত্যুতে সৈয়দপুরের নিচু কলোনীসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।