চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি মাঠে নামছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তারা পূর্ণমাত্রায় দায়িত্ব পালন করবে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হবে।
তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবে। মোতায়েনকৃত সদস্যরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।
নিরাপত্তা জোরদারের জন্য বিজিবির বিশেষায়িত কু-নাইন (ডগ স্কোয়াড) ইউনিটও গুরুত্বপূর্ণ স্থাপনা, ভোটকেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান সাধারণ জনগণকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ভোটাররা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
ফকিরহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা কমপ্লেক্স-এর সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর টানা কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে গাছ উপড়ে ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পল্লী বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মন্নাটুলী বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা জেনারেটর চালিয়ে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে প্রতি মোবাইল চার্জে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। জরুরি যোগাযোগ রক্ষায় স্থানীয়রা বাধ্য হয়ে এ সেবা নিচ্ছেন। এদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়েছে। গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেলসহ বিভিন্ন অপারেটরের সেবা বিঘ্নিত হওয়ায় যোগাযোগ আরও কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ অপসারণ ও মেরামতের কাজ চলছে। তবে বিদ্যুৎ চালু হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে মো. শাহাদাত হোসেন (৩০)-এর ওপর এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহাদাত হোসেন উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত মো. শফি আহমদের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।