শিরোনাম

মা ও ছেলের সড়কেই ধান শুকানো, সড়কেই ধান সিদ্ধ

মা ও ছেলের সড়কেই ধান শুকানো, সড়কেই ধান সিদ্ধ
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে কয়েকদিনের টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর রোদ উঠতেই ধান শুকানো ও সিদ্ধ করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। বাড়িতে খোলা উঠান না থাকায় কেউ কেউ সড়ককেই ব্যবহার করছেন ধান শুকানো ও সিদ্ধ করার কাজে।

সোমবার (১৮ মে) সকালে সৈয়দপুর শহরের পশ্চিম প্রান্তের কুন্দল মহল্লার রাবেয়া মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। শহীদ তুলশিরাম সড়ক ও বাইপাস সংযোগ সড়কের পাশের তুলনামূলক কম ব্যস্ত এলাকায় ধান শুকানো ও সিদ্ধ করতে দেখা যায় স্থানীয় কয়েকটি পরিবারকে।

সেখানে কথা হয় শেফালী বেগম (৫৫) নামের এক নারীর সঙ্গে। মাথায় ঘোমটা টেনে অস্থায়ী চুলায় ধান সিদ্ধ করছিলেন তিনি। পাশে থাকা ছেলে সবুজ মিয়া (২৭) আগুনে খড় দিচ্ছিলেন। শেফালী বেগম বলেন, “বাড়িতে খুলিবাড়ি নাই। তাই রাস্তাত ধান শুকাই আর সিদ্ধ করি। পরে শুকায়ে বস্তায় ভরি মিলে নিবো।”

সবুজ মিয়া বলেন, “অল্প কিছু জমি থাকলেও বাড়িতে উঠান নেই। ঘর ভাগাভাগি হয়ে জায়গা ছোট হয়ে গেছে। তাই বাধ্য হয়েই রাস্তায় ধান শুকাতে আসছি।”

স্থানীয় ব্যবসায়ী আলী হোসেন বলেন, এ এলাকায় সড়কে ধান শুকানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে রাস্তার ধারে চুলা বানিয়ে ধান সিদ্ধের দৃশ্য এবারই প্রথম দেখেছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, অস্বচ্ছল পরিবারের অনেকেই বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় কম ব্যবহৃত সড়ক ব্যবহার করে ধান শুকানো, খড় শুকানোসহ কৃষিকাজের নানা কার্যক্রম চালিয়ে থাকেন। এতে তাদের কিছুটা হলেও সুবিধা হয়।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, যান চলাচলে বিঘ্ন না ঘটিয়ে কেউ প্রয়োজনের তাগিদে কম ব্যবহৃত সড়ক ব্যবহার করলে সেটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর