রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর শিকার করে সীমান্ত পার হয়ে ভারতের মিজোরামে পাচারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি কুকুর ১০–১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শিকার করা কুকুরগুলো নৌকা ও স্থলপথে কাপ্তাই হ্রদ ও বরকল এলাকা অতিক্রম করে মিজোরামে পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়রা বলছেন, শিকার মূলত বসন্ত উৎসব ‘চাপচার কুট’-এর জন্য করা হচ্ছে, যেখানে কুকুরের মাংসের চাহিদা বাড়ে। যদিও ২০১৯ সালের বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী মালিকবিহীন কুকুর হত্যা বা অপসারণ দণ্ডনীয় অপরাধ, মিজোরামে ২০২০ সালের সংশোধিত আইন কুকুরকে জবাই বা ভোজ্য প্রাণীর তালিকা থেকে বাদ দিয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম চৌধুরী বলেন, “বেওয়ারিশ কুকুর অপসারণ ও বিক্রির ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। যথাযথ সচেতনতা ছাড়া এমন কার্যক্রম আইন বিরুদ্ধ।”
এ ঘটনায় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগাদা দিয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুরাতন ডাকবাংলো ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট উপজেলা (পূর্ব) শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা (পূর্ব) শাখার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমন শেখ। বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত নয়; বরং ভবিষ্যৎ পথচলার সূচনা। লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে জলাভূমি, খাল ও বড় ড্রেন পরিষ্কার এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলিম মোড় সংলগ্ন এলাকায় বড় ড্রেন পরিষ্কার ও বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে বাস্তবায়ন করছে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহরজুড়ে প্রায় এক হাজার গাছ রোপণের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। জানা যায়, নিজ জেলা লালমনিরহাটে সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রাজধানীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।