নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ’র বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগ দাখিল করেছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে মো. মাসুদুর রহমান-এর কাছে অভিযোগটি দেন তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।
অভিযোগে বলা হয়, সমবায় অফিস-সংক্রান্ত একটি জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় সাত মাস আগে নাসিম শাহ ভুক্তভোগীর কাছ থেকে ১ লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চান।
এতে আরও উল্লেখ করা হয়, একাধিকবার সময় নিয়েও টাকা ফেরত না দিয়ে অভিযুক্ত ব্যক্তি যোগাযোগ বন্ধ করে দেন এবং হুমকি-ধমকি ও অশোভন আচরণ করেন।
অভিযুক্ত নাসিম শাহ প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরতের কথা স্বীকার করেন। তবে পুনরায় যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে ইউএনও জানান, অভিযুক্ত কর্মচারী বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুস্বাস্থ্য সুরক্ষায় বৃহৎ পরিসরে টিকাদান উদ্যোগ নিয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে হাম-রুবেলা প্রতিরোধ কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলার মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে, যেখানে প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, হাম ও রুবেলা সংক্রামক এবং শিশুদের জন্য উচ্চঝুঁকিপূর্ণ রোগ; সময়মতো টিকাদান নিশ্চিত করা হলে এ রোগসমূহ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে। অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।
নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, আহত শিক্ষকের বুকের ডান পাশে দগ্ধের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে একটি মাদ্রাসার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা মাদ্রাসার উন্নয়ন ও সহায়তার কথা বলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা মাঝেমধ্যেই ঘটছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।