মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, সদর উপজেলার পৌলী গ্রামে নুরজাহান বেগম (৫৫) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত নুরজাহান স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তি মোশাররফ হোসেন (৪৫), পৌলী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অর্থনৈতিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভের কারণে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ১০ জানুয়ারি রাতে বাড়িতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র ও বৈদ্যুতিক তার ব্যবহার করে নুরজাহান বেগমকে হত্যা করা হয়। পরে ভিকটিমের কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে আসামি আত্মগোপনে চলে যান।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ দল তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে ১৩ জানুয়ারি ভোর আড়াইটার দিকে শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।
আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। উদ্ধার হওয়া আলামত আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে এবং দ্রুত তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নীলফামারীর জলঢাকায় সিংগীমারী শ্মশান কালী মন্দিরের কাছে প্রভাত চন্দ্র রায় (৫০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া এলাকার ওই মন্দির সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রভাত চন্দ্র রায় স্থানীয় নীলকান্ত চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কলাপাতা কাটতে বাড়ি থেকে বের হন প্রভাত চন্দ্র রায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা মন্দিরের পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুম আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নোয়াখালীর বসুরহাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নোয়াখালী বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত-২ এ দায়ের করা সিআর মামলা নং-৫৪৩/২০২৪ (কোম্পানীগঞ্জ) আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম ছারওয়ার বুলবুলসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর ভোরে ২০০-৩০০ জনের একটি দল বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী ফিরোজ আলম মিলনের মালিকানাধীন ‘মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্স’ ও ‘হুমায়ুন টিম্বার অ্যান্ড স-মিল’-এ হামলা চালায়। বুলডোজার দিয়ে স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি মূল্যবান যন্ত্রপাতি ও কাঠ লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় উচ্চ আদালতের স্থিতাবস্থা জারি ছিল। তা সত্ত্বেও তা উপেক্ষা করে ভাঙচুর ও দখল কার্যক্রম চালানো হয় এবং পরবর্তীতে সেখানে ‘শিশুপার্ক’-এর সাইনবোর্ড টানানো হয়। মামলায় গোলাম ছারওয়ার বুলবুলের বিরুদ্ধে সরকারি পদ অপব্যবহার, অবৈধ উচ্ছেদে অংশগ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ফিরোজ আলম মিলন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত গোলাম ছারওয়ার বুলবুল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল অফিসের নির্দেশ পালন করেছেন এবং তদন্তে নির্দোষ প্রমাণিত হবেন। বর্তমানে প্রধান আসামিসহ কয়েকজন পলাতক রয়েছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থা পিবিআই দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
গত ২৫ সেপ্টেম্বর মো. আনোয়ার হোসাইন জেলা প্রশাসক হিসেবে নরসিংদী যোগদান করার পর গত ৬ মাসে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ২৪ টি খুন, ধর্ষণ, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ছিনতা, চাঁদাবাজি ও অপহরণের পরে ব্যবসায়ীকে নির্যাতনে মতো ঘটনা বেড়েছে এ জেলায়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে তিনি তার এ সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ জেলায় তার যোগদানের পর উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার মধ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চরম অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। অংশগ্রহণকারীরা মঞ্চের সামনে বিক্ষোভও করেছিলেন। গত ০১ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ০২ ডিসেম্বর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৪ ডিসেম্বর পলাশে প্রেমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে খাটের নিচ থেকে। ১৬ ডিসেম্বর পলাশে নিখোঁজের ২৪ দিন পর শিবপুর উপজেলা থেকে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ০৫ জানুয়ারি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ জানুয়ারি রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৫ জানুয়ারি সাহেপ্রতাবে গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে। এর পরদিন, ২৬ জানুয়ারি ২০২৬-এ নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে ঢাকা থেকে আসা অপরাধবিষয়ক সাংবাদিকদের (ক্র্যাব) ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। এর পর দিন শেখেরচরে ঘরে ঢুকে তিথী নামে এক কিশোরী কুপিয়ে হত্যার ১০ ঘণ্টার ব্যবধানে মাধবদীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটে। ৩০ জানুয়ারি শিবপুরে বাড়ির সামনে কুপিয়ে আহত মৎস্যজীবী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ০৪ ফেব্রুয়ারি রামপুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক স্কুলছাত্র ও আহত হয় ১০ জন। ৮ ফেব্রুয়ারি রায়পুরায় বাড়ি ফেরার সময় ‘পেছন থেকে ছোড়া’ দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত হয়। ২৫ ফেব্রুয়ারি রায়পুরার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৭ ফেব্রুয়ারি মাধবদীতে ধর্ষণের পর খুন হয় এক কিশোরী। ০৩ মার্চ রায়পুরার নীলকুঠিতে জমি অধিগ্রহণের টাকা না পেয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ০৬ মার্চ রায়পুরার চরাঞ্চলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে মো. হেদায়েতুল্লাহ (২২) নামে এক জেলে নিহত হন। একই রাতে মাধবদীতে চার সন্তানের মাকে (৪০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মাধবদী থানায় মামলা হয়। গত ১২ মার্চ শিবপুরে জমির বিরোধে ‘পায়ের রগ কেটে দেওয়া’ শিক্ষক আবু ছাঈদ মোগল (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত ১৫ মার্চ রায়পুরায় নিখোঁজের পরদিন প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৮ মার্চ পলাশ উপজেলায় একই এলাকা থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ মার্চ নৈশপ্রহরীকে বেঁধে সদর উপজেলার চিনিশপুরে একটি গ্যারেজে রাখা ১৫টি অটোরিকশার ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাত দল। বাধা দিলে গ্যারেজ মালিকের বাবা ও ছোট ভাইকে ছুরি মেরে আহত করা হয়। গত ০২ এপ্রিল রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। গত শুক্রবার বেলা ১১টায় পলাশের ডাঙ্গায় মামুন নামের এক তরুণ কল করে ইটভাটায় ডেকে নিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে। গত পরশু এএসপির নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ পলাশ উপজেলার রাবানে বেকারত্ব ও মানসিক বিষণ্নতা সইতে না পেরে শুভ চক্রবর্তী (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া জেলার একাধিক ব্যবসায়ী ও সরকার দলীয় একাধিক বিএনপি নেতারা জানান, তিনি কাজের চেয়ে কথা বলেছেন বেশী। তার আমলে জেলার নদ-নদীর পানি দূষণ, আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি, সম্পদের অপব্যবহার ও সামাজিক অবক্ষয়ের মত নানা ঘটনা ঘটেছে। তারা আরো বলেন, আশাকরি নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে এসকল সমস্যা কাটিয়ে নব উদ্যোগে কাজ করে একটি বাসযোগ্য জেলা গঠনের লক্ষ্যে এগিয়ে যাবো আমরা।