বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনকালীন বহিষ্কারাদেশ জারি করেছে, সেটিকে নিছক কোনো সাময়িক বা শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ আর নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব বহিষ্কার স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে-দল এবার এমন এক আপোশহীন অবস্থানে দাঁড়িয়েছে, যেখান থেকে পিছু হটার সম্ভাবনা প্রায় শূন্য। বিএনপির ইতিহাসে শৃঙ্খলার প্রশ্নে কঠোরতা নতুন নয়, কিন্তু এবারের প্রেক্ষাপট ও বাস্তবতা একেবারেই ভিন্নতর। এটি কেবল একটি নির্বাচনি কৌশল নয়, বরং দলীয় অস্তিত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন রক্ষার একটি চূড়ান্ত পরীক্ষা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন কিংবা দলের অবস্থানের বাইরে গিয়ে কার্যক্রম চালিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপি আসলে একটি দীর্ঘমেয়াদি বার্তা দিতে চেয়েছে। এই বার্তাটি মূলত দলের ভেতরে ও বাইরে এক প্রকার ‘রাজনৈতিক সার্জারি’র সংকেত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আর ব্যক্তি-কেন্দ্রিক রাজনীতির ঝুঁকি নিতে রাজি নয়। দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে উঠে কেউ নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে চাইলে তার পরিণতি যে ‘বহিষ্কার’-এবার সেটি কথার লড়াই ছাড়িয়ে বাস্তবতায় রূপ নিয়েছে।
অনেকেই মনে করছেন, নির্বাচন-উত্তর রাজনীতিতে পরিস্থিতি বিবেচনায় এসব বহিষ্কারাদেশ হয়ত প্রত্যাহার করা হবে। কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যায়, এই ধারণা বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিএনপি বর্তমানে যে ধরনের রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে শৃঙ্খলা ভঙ্গকারীদের পুনর্বাসন করা মানে হবে দলের মূল ভিত্তিকে দুর্বল করা। তৃণমূলের যেসব নেতাকর্মী হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে দলের সিদ্ধান্তের প্রতি অনুগত রয়েছেন, বিদ্রোহীদের পুনরায় ‘আদর করে’ ফিরিয়ে আনা হবে তাদের ত্যাগের প্রতি চরম অবজ্ঞা। দলীয় নেতৃত্ব সম্ভবত অনুধাবন করছে যে, এই মুহূর্তে নমনীয়তা দেখানো হবে আত্মঘাতী।
এখানে একটি কঠিন সত্য নিহিত-রাজনীতিতে ব্যক্তি কখনোই অপরিহার্য নয়। একটি দল টিকে থাকে তার আদর্শ, সুদৃঢ় সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের ওপর ভিত্তি করে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন একটি সুশৃঙ্খল ‘চেইন অফ কমান্ড’ প্রতিষ্ঠা করতে চায়। তারা প্রমাণ করতে চাইছে যে, ‘দল মানেই শৃঙ্খলা, দল মানেই সিদ্ধান্তের প্রতি বিনম্র আনুগত্য’। যারা এই কাঠামোর বাইরে গিয়ে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, তাদের জন্য ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে-এটাই স্বাভাবিক রাজনৈতিক বিবর্তন।
বিদ্রোহী প্রার্থীরা মনে করেছিলেন তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা হয়ত দলের প্রতীক বা সিদ্ধান্তের চেয়ে বড়। কিন্তু বিএনপি এবার সেই ‘ব্যক্তি-ইমেজ’ ভেঙে ‘দলীয় সত্তা’কে ঊর্ধ্বে তুলে ধরার নীতি নিয়েছে। এই শুদ্ধি অভিযান কেবল নির্বাচনি বৈতরণি পার হওয়ার জন্য নয়, বরং আগামী এক দশকের জন্য একটি সংহত ও আধুনিক রাজনৈতিক শক্তির রূপরেখা তৈরির প্রক্রিয়া।
সবশেষে বলা যায়, নির্বাচনকালীন এই বহিষ্কারগুলো বিএনপির জন্য কোনো সাময়িক অধ্যায় নয়, এটি একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা। এই বাস্তবতায় তথাকথিত ‘বিদ্রোহী রাজনীতির কোনো স্থান নেই, আর ফেরার পথও আগের মতো মসৃণ নয়। শৃঙ্খলার এই নতুন দেয়াল টপকানো বিদ্রোহীদের জন্য কঠিন হবে। বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে-এবার শৃঙ্খলার প্রশ্নে কোনো ‘কম্প্রোমাইজ’ নয়। এই অনড় অবস্থানই সম্ভবত আগামী দিনের রাজনীতিতে বিএনপির নতুন পরিচয় হয়ে উঠবে।
লেখক: এ.আর. ইমরান, কলামিষ্ট
নির্বাচনী হলফনামায় সম্পদের বিশদ বিবরণে উঠে এসেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও আর্থিক সম্পদের তথ্য—যা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নিপুণ রায় চৌধুরী। সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত এ প্রার্থীর দাখিল করা হলফনামা অনুযায়ী, তার নিজ নামে ৫০২ ভরি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না রয়েছে। পাশাপাশি তার স্বামী অমিতাভ রায়ের নামেও অতিরিক্ত ১০০ ভরি গয়নার তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এসব অলংকারের বাজারমূল্য বা অর্জনকালীন মূল্য হলফনামায় নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি; এগুলো উপহার হিসেবে প্রাপ্ত বলে জানানো হয়েছে। হলফনামায় পেশাগত পরিচয়ে নিজেকে আইনজীবী হিসেবে উল্লেখ করে নিপুণ রায় বার্ষিক আয় দেখিয়েছেন ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে প্রায় সাড়ে চার লাখ টাকা আয় হয় বলে উল্লেখ রয়েছে। অন্যদিকে, তার স্বামীকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর্থিক সম্পদের বিবরণে দেখা যায়, নিপুণ রায়ের নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে। তার মালিকানায় থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তার নামে অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। বিপরীতে, তার স্বামীর নামে অস্থাবর সম্পদের পরিমাণ সাড়ে তিন কোটি টাকার বেশি। স্থাবর সম্পদের ক্ষেত্রে একটি ফ্ল্যাটের তথ্য দেওয়া হয়েছে, যার ক্রয়মূল্য ৮৫ লাখ ২০ হাজার টাকা হলেও এর সুনির্দিষ্ট অবস্থান হলফনামায় প্রকাশ করা হয়নি। আইনগত দৃষ্টিকোণ থেকে, প্রার্থীদের সম্পদ বিবরণীতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তথ্য প্রদান বাধ্যতামূলক হলেও, উল্লিখিত গয়নার মূল্য অনির্দিষ্ট থাকায় বিষয়টি ভবিষ্যতে যাচাই-বাছাইয়ের আওতায় আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। আজ (সোমবার, ২০ এপ্রিল) মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান।
সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান নিয়ে চলমান জল্পনা-কল্পনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ সংক্রান্ত প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছেন। নিজের পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করে তিনি পরোক্ষভাবে গুঞ্জনকারীদের সমালোচনা করেন, যা রাজনৈতিক মহলে তার অবস্থান পরিষ্কার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, জুলাই আন্দোলন সংশ্লিষ্ট শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ কয়েকজন আলোচিত ব্যক্তিত্ব এনসিপিতে যোগ দিতে পারেন। এমনকি দলটির শীর্ষ পর্যায়ের সঙ্গে তার যোগাযোগের খবরও সামনে আসে। তবে সংশ্লিষ্ট সূত্র ও দলীয় পর্যায় থেকে বিষয়টি নিশ্চিত না হওয়ায় এবং রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়েছে যে, আপাতত এ ধরনের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে নেই।