শিরোনাম
মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা সরকারের
মেয়েদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা সরকারের

ভালো ফল করলে মিলবে বৃত্তি, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ।

 

স্নাতক (অনার্স) পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি নতুন শিক্ষা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “খালেদা জিয়া সরকারের সময়ে মেয়েদের এইচএসসি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। এবার আমরা ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাওয়ার পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার।

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক তিন খণ্ডের গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

আধুনিক অভিবাসন কাঠামো গড়তে আসছে নতুন ভিসানীতি
আধুনিক অভিবাসন কাঠামো গড়তে আসছে নতুন ভিসানীতি

দেশের বিদ্যমান ২০০৬ সালের ভিসানীতি সংশোধন করে নতুন ভিসানীতি-২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তুত করা খসড়া নীতিমালা পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করার লক্ষ্যে নতুন ভিসানীতি প্রণয়ন করা হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকর্ষণ, পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদার করাও এ নীতির উদ্দেশ্য।

এছাড়া আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তুলতে ২০০৬ সালের ভিসানীতিমালা সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’-এর খসড়া চূড়ান্ত করা হবে।

গঠিত মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া যান। দেশটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন।

চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার (২১ জুন) তার এই সফর শুরু হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান।

পররাষ্ট্রসচিব বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলক ছোট রাখা হয়েছে, যেখানে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।

তিনি আরও বলেন, এ সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন।

সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়) এ কে এম শহিদুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলছে কেউ কেউ: প্রধানমন্ত্রী তারেক রহমান
খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলছে কেউ কেউ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কেউ কেউ ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু হয়েছিল এবং হবিগঞ্জে চা-বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজ শ্রীমঙ্গলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে, যা সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছে।

বাজেট প্রসঙ্গে তারেক রহমান বলেন, এবারের বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রণয়ন করা হলেও কেউ কেউ এটিকে ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বাজেট বলে সমালোচনা করছেন।

তিনি আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নেই বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের অর্থ বিদেশে পাচার করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। যারা অর্থ পাচারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা-বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে ১৫০ জন চা-শ্রমিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে এবং আগামী এক বছরে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

তিনি বলেন, মানুষের জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

বাজেট প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। যারা এই জনবান্ধব বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দিচ্ছে, তারা জনগণের প্রকৃত বন্ধু নয়। বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ বারবার ভোটের মাধ্যমে বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।”