নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইন সংস্কার কাজের অংশ হিসেবে রোববার (১৭ মে) দেশের কয়েকটি এলাকায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সূত্রে জানা গেছে, ১১ কেভি পুলিশ লাইন ফিডারের জরুরি মেরামত কাজের কারণে সিলেটের বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, চন্ডিপুল, লালারচক, খিদিরপুর, তেলিবাজারসহ আশপাশের এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর কয়েকটি এলাকায় ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ পরিচালনা করা হবে। এ কারণে কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদার ও সরদারপাড়া এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।