“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবনরক্ষায় নার্সদের ক্ষমতায়ন জরুরি” প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
মঙ্গলবার (১১ মে) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার তত্ত্বাবধানে আয়োজিত র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা: আমেনা খাতুন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।

বক্তারা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হিসেবে দিনরাত নিরলসভাবে কাজ করছেন, কিন্তু অনেক সময় তাদের নিরাপত্তা ও মর্যাদা ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় নার্সদের ক্ষমতায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।
ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত এ দিবসে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই এবারের মূল বার্তা হিসেবে উঠে আসে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদুল আজহা পর্যন্ত রাজধানীসহ দেশের মার্কেট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পূর্ববর্তী নির্দেশনায় এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার বিধান থাকলেও বাণিজ্যিক স্বার্থ ও ঈদকে কেন্দ্র করে ক্রয়-বিক্রয়ের চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সময় বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে বসলো সুনামগঞ্জের শিক্ষার্থী সাইফ হোসেন জয়। গভীর শোকের মধ্যেও ভবিষ্যতের লড়াই থামিয়ে না রেখে সোমবার (১১ মে) সকালে সে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আগের রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আবদুল বাসেত বকুল। ভোরে বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের অনুরোধে কান্নাভেজা চোখেই পরীক্ষাকেন্দ্রে যায় সাইফ। কেন্দ্রসচিব জানান, পুরো পরীক্ষাজুড়েই বারবার কান্নায় ভেঙে পড়ছিল সে। পরীক্ষা শেষে সাইফ বলে, বাবার মুখটাই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরে দুপুরে নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার বাবাকে দাফন করা হয়।
বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।