লক্ষ্মীপুরে হামলার মামলায় এক নারীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর পর মানবিক এক দৃশ্যের জন্ম হয়েছে জেলা কারাগার প্রাঙ্গণে। অভিযুক্ত ফারহানা আক্তার শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুকেও, আর জেলগেটের বাইরে স্কুলড্রেস পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তার আরও দুই সন্তানকে।
সোমবার (১১ মে) বিকেলে আদালতের নির্দেশে শিল্পী ও আরেক আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বাদীর ওপর রড দিয়ে হামলার অভিযোগ আনা হলেও মেডিকেল প্রতিবেদনে সাধারণ জখমের উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।
তাদের দাবি, অভিযোগের প্রকৃতি জামিনযোগ্য হলেও আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে প্রিজনভ্যানে মায়ের কোলে শিশুকে এবং জেলগেটে উদ্বিগ্ন দুই সন্তানকে দেখা যায়। বিষয়টি ঘিরে স্থানীয় মহলে মানবিক ও আইনি আলোচনা তৈরি হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়েই বর্তমানে কারাগারে রয়েছেন শিল্পী।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদুল আজহা পর্যন্ত রাজধানীসহ দেশের মার্কেট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পূর্ববর্তী নির্দেশনায় এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার বিধান থাকলেও বাণিজ্যিক স্বার্থ ও ঈদকে কেন্দ্র করে ক্রয়-বিক্রয়ের চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সময় বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে বসলো সুনামগঞ্জের শিক্ষার্থী সাইফ হোসেন জয়। গভীর শোকের মধ্যেও ভবিষ্যতের লড়াই থামিয়ে না রেখে সোমবার (১১ মে) সকালে সে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আগের রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আবদুল বাসেত বকুল। ভোরে বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের অনুরোধে কান্নাভেজা চোখেই পরীক্ষাকেন্দ্রে যায় সাইফ। কেন্দ্রসচিব জানান, পুরো পরীক্ষাজুড়েই বারবার কান্নায় ভেঙে পড়ছিল সে। পরীক্ষা শেষে সাইফ বলে, বাবার মুখটাই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরে দুপুরে নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার বাবাকে দাফন করা হয়।
বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।