সংসার, দারিদ্র্য আর সময়ের দীর্ঘ ব্যবধান পেরিয়ে অবশেষে এসএসসি পরীক্ষার হলে বসেছেন নাটোরের ফুলঝড়ি বেগম। ৪০ বছর বয়সী এই নারী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন নিজের ছেলে মনিরুল ইসলামের সঙ্গেই— যা এলাকায় ব্যতিক্রমী আলোচনার জন্ম দিয়েছে।
লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝড়ি বেগম ও তার ছেলে দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। বর্তমানে তারা মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ফুলঝড়ি বেগম জানান, অল্প বয়সে বিয়ের কারণে তার পড়াশোনা থেমে গেলেও শিক্ষা অর্জনের স্বপ্ন কখনো হারিয়ে যায়নি। পরিবারের সহযোগিতায় বহু বছর পর সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি।
অন্যদিকে, ভ্যানচালক ও দিনমজুর স্বামী নজরুল ইসলাম বলেন, শিক্ষিত মা একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আর্থিক কষ্টের মধ্যেও স্ত্রীর পড়াশোনার ইচ্ছাকে সমর্থন দিয়েছেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এ ঘটনাকে নারী শিক্ষা ও আজীবন শিক্ষার অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, বয়স নয়— ইচ্ছাশক্তিই শিক্ষার সবচেয়ে বড় শক্তি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদুল আজহা পর্যন্ত রাজধানীসহ দেশের মার্কেট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পূর্ববর্তী নির্দেশনায় এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার বিধান থাকলেও বাণিজ্যিক স্বার্থ ও ঈদকে কেন্দ্র করে ক্রয়-বিক্রয়ের চাপ বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সময় বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে বসলো সুনামগঞ্জের শিক্ষার্থী সাইফ হোসেন জয়। গভীর শোকের মধ্যেও ভবিষ্যতের লড়াই থামিয়ে না রেখে সোমবার (১১ মে) সকালে সে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। আগের রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আবদুল বাসেত বকুল। ভোরে বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের অনুরোধে কান্নাভেজা চোখেই পরীক্ষাকেন্দ্রে যায় সাইফ। কেন্দ্রসচিব জানান, পুরো পরীক্ষাজুড়েই বারবার কান্নায় ভেঙে পড়ছিল সে। পরীক্ষা শেষে সাইফ বলে, বাবার মুখটাই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরে দুপুরে নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার বাবাকে দাফন করা হয়।
বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।