শিরোনাম

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা কেজি করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা কেজি করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন আলু ব্যবসায়ী ও কৃষকরা।

রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির এবং কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।

বক্তারা বলেন, চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। ভালো দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা আলু হিমাগারে সংরক্ষণ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু হিমাগার মালিকরা এ পরিস্থিতির সুযোগ নিয়ে সংরক্ষণ ভাড়া বাড়িয়ে দিয়েছেন।

তাদের দাবি, বর্তমানে কেজিপ্রতি প্রায় ৭ টাকা হারে ভাড়া আদায় করা হচ্ছে, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। ৬৫ কেজি ওজনের একটি আলুর বস্তা সংরক্ষণে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। অথচ প্রকৃত খরচ কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকার বেশি নয় বলে তারা দাবি করেন।

আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নীলফামারী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বলেন, “আলুর দাম কম, তার ওপর সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমরা চাই সারা দেশের হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণ করা হোক।”

তিনি আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় বর্তমানে ১১টি আলু সংরক্ষণাগার (হিমাগার) রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর