শিরোনাম

স্ত্রী গিয়ে দেখলেন দোকানে পড়ে আছে স্বামীর রক্তাক্ত মরদেহ

স্ত্রী গিয়ে দেখলেন দোকানে পড়ে আছে স্বামীর রক্তাক্ত মরদেহ


নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন “ভাই ভাই স্টোর”-এ এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলসের মালামালের ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন দোকানের শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করতেই স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। ঘটনাস্থলে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশের ক্রাইম সিন টিমও ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, “ব্যবসায়ী রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের স্বজনরাও এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর