শিরোনাম

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি সপরিবারে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক রাষ্ট্রপতির গাড়িবহরে রাষ্ট্রপতির ব্যবহৃত গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮টি যানবাহন ছিল। দুপুর থেকেই বঙ্গভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত মো. সাহাবুদ্দিনের বাসভবনে আগে থেকেই পরিচ্ছন্নতা ও প্রস্তুতির কাজ চলছিল। বাড়ির নিচতলার বসার স্থান নতুন করে রং করা হয়েছে এবং আসবাবপত্র পরিষ্কার করা হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বাসভবনটিতেও পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যদের নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এদিকে, বঙ্গভবনের দাপ্তরিক কার্যক্রম এখন থেকে পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর