শিরোনাম

তথ্য গোপন ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

তথ্য গোপন ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক। দেশটির ইতিহাসে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যতম বৃহৎ এই আর্থিক দণ্ডের রায় দেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ।

বুধবার (২১ অক্টোবর) দেওয়া এ রায়ের খবর বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সূত্র ধরে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য ২০২১ সালে মেটার বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারা পেতে পারে এবং প্রতিষ্ঠানটি কীভাবে তথ্যের গোপনীয়তা রক্ষা করে—এসব বিষয়ে মেটা ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে।

মামলার শুনানি শেষে জুরি বোর্ড মেটা ও প্রতিষ্ঠানটির নেতৃত্বের দেওয়া ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিকে বিভ্রান্তিকর বলে চিহ্নিত করে। এসব বক্তব্যের কারণে অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইন ৪ কোটি ৩০ লাখের বেশি বার লঙ্ঘিত হয়েছে বলে জুরি বোর্ডের সিদ্ধান্তে উঠে আসে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, আইন অনুযায়ী সম্ভাব্য জরিমানার পরিমাণ ২১৯ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারত। তবে বিচারক তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলারে নির্ধারণ করেন।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস রায়টিকে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, মেটার প্রধান আইন কর্মকর্তা সিজে মাহোনি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তাঁর দাবি, এ ধরনের রায় অঙ্গরাজ্যটিতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় বাধা তৈরি করতে পারে।

কেমব্রিজ অ্যানালিটিকা ছিল যুক্তরাজ্যভিত্তিক একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। ঘটনাটি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ করছে মেটা। প্রতিষ্ঠানটির ২০২৬ সালের মূলধনী ব্যয় ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে এ ব্যয় বাড়ানো হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর