বিএনপি সরকারের ছয় মাসের উন্নয়ন ও অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, দলের প্রত্যেক নেতাকর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও অর্জনের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার কখনো ব্যর্থ হয়নি। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার সফলভাবে দেশ পরিচালনা করেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সাড়ে চার বছরে বাংলাদেশ বিশ্বে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সরকার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে জেলার পাঁচ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়।