জাতীয় পর্যায়ের জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে জামালপুরের খেলোয়াড়রা। ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি তাম্রপদক অর্জন করেছে জেলার প্রতিযোগীরা।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে গত ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ অক্টোবর) প্রতিযোগিতার শেষ দিনে পৃথক বয়স বিভাগে দুটি স্বর্ণপদক জেতে জামালপুরের খেলোয়াড়রা।
মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, প্রতিযোগিতায় জামালপুর জেলা থেকে ২৬ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে ১০–১২ বছর বয়স বিভাগে পুরুষ একক কাতা ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে তাফহীম আল হোসাইন। অন্যদিকে, ১৬–১৭ বছর বয়স বিভাগে পুরুষ কুমিতে ইভেন্টে স্বর্ণপদক জেতে আব্দুর রউফ।
এ ছাড়া ১৪–১৫ বছর বয়স বিভাগে কাতা ও কুমিতে ইভেন্টে অংশ নিয়ে পৃথকভাবে দুটি তাম্রপদক অর্জন করে আকিবুল ইসলাম বেলাল।
আতিক মোরশেদ বলেন, জাতীয় পর্যায়ে কারাতে প্রতিযোগিতায় জামালপুরের খেলোয়াড়দের এই প্রথম স্বর্ণপদক অর্জন জেলার জন্য গর্বের বিষয়। এ সাফল্যের মধ্য দিয়ে তাঁদের এগিয়ে যাওয়ার নতুন পথ তৈরি হয়েছে। ভবিষ্যতেও পদক জয়ের এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বলেন, প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সব সময় সহযোগিতা করা হয়। ভবিষ্যতেও তাঁদের আরও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।