শিরোনাম
বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত এক চিকিৎসককে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় ক্ষোভ জানান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, কর্মপরিবেশ ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর