শিরোনাম

ঢাকায় ইনফান্তিনোর সঙ্গে বাফুফে নেতাদের বৈঠক, বাড়তে পারে ফিফার সহায়তা

ঢাকায় ইনফান্তিনোর সঙ্গে বাফুফে নেতাদের বৈঠক, বাড়তে পারে ফিফার সহায়তা
ছবি প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহসভাপতি। ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান।

বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং ফিফার সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাফুফের কর্মকর্তারা দেশের ফুটবলের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন পরিকল্পনা ফিফা সভাপতির কাছে তুলে ধরেন।

বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি ইনফান্তিনোকে অবহিত করা হয়। প্রয়োজনে এ প্রকল্পে ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে তিনি প্রাথমিক আশ্বাস দিয়েছেন বলেও জানান হ্যাপি।

বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে রোববার দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর।

আগামী ২০ অক্টোবর ভুটান থেকে ফেরার পথেও ইনফান্তিনোর বাংলাদেশে যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। তবে ওই সময় বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে অবস্থান করবেন।

এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর