শিরোনাম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ৫৪০০ শিশু-তরুণের হাতে ৮৭৫৩ গাছ ও ১৬৮০০ বীজ রোপণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ৫৪০০ শিশু-তরুণের হাতে ৮৭৫৩ গাছ ও ১৬৮০০ বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় ৫ হাজার ৪০০ শিশু ও তরুণের অংশগ্রহণে ৮ হাজার ৭৫৩টি গাছের চারা ও ১৬ হাজার ৮০০টি বীজ রোপণ করা হয়েছে।

টেরে দেস হোমসের (Tdh) সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে SPiRiT-CALL প্রকল্পের আওতায় ২০২৫ ও ২০২৬ সালে জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১৫টি ইউনিয়নের ৬৭টি গ্রামে এ কর্মসূচি পরিচালিত হয়।

চলতি বছরের ৪ জুন থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে এ রোপণ কার্যক্রম। বাবলা, খেজুর, তালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বীজ বাড়ির আঙিনা, সড়কের পাশে, বাঁধ ও উপকূলীয় সুরক্ষা এলাকায়, নদী-খালের তীরে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শুধু গাছ লাগানোতেই কর্মসূচি সীমাবদ্ধ রাখা হয়নি; রোপণ করা চারার সুরক্ষা ও নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশু ও তরুণরা নিজেদের উদ্যোগে জাল, বাঁশ ও কাঠের খুঁটি সংগ্রহ করে চারার চারপাশে সুরক্ষাবেষ্টনী তৈরি করেছে। পাশাপাশি তারা নিয়মিত চারাগুলোর পরিচর্যাও করছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মইনুল ইসলাম মইন বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশু ও তরুণদের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হচ্ছে। স্থানীয় পরিবেশ ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজাতির গাছ রোপণের ফলে ভবিষ্যতে সাতক্ষীরার পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর