নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাকক্ষ থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পেশাদারত্ব ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকায় পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা ম্যাকবুকটি পর্যটকের হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে দেশে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় স্টেশনের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন তিনি। এ সময় ম্যাকবুক ও ক্যামেরা সেখানে রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে দেখেন, তাঁর ল্যাপটপ ও ক্যামেরা নেই।
পরে এ ঘটনায় সহযোগিতা চেয়ে নাটোর থানায় লিখিত অভিযোগ করেন ওই পর্যটক। তাঁর ম্যাকবুকে গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল বলে পুলিশকে জানান তিনি।
অভিযোগ পাওয়ার পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
ম্যাকবুক ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। বাংলাদেশ ভ্রমণে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
পুলিশ সদর দপ্তর জানায়, বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখায় দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা দেওয়া এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জন এবং সব নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন আইজিপি।
পুলিশ সদর দপ্তরে ম্যাকবুক হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।